রসগোল্লা ভেবেই মুখে দিয়েছিলেন প্রতিবেশীর দেওয়া মিষ্টি। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে ভয়াবহ বিপত্তি। মধ্যপ্রদেশের এই ঘটনায় ৩৫ বছরের এক যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। কেন এমন ভয়ংকর কাণ্ড ঘটালেন অভিযুক্ত? তদন্তে উঠে আসছে একাধিক প্রশ্ন।
মিষ্টি খাওয়ার সখ যে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা কল্পনাও করতে পারেননি মধ্যপ্রদেশের এক যুবক। প্রতিবেশীর দেওয়া রসগোল্লা মুখে দিতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ৩৫ বছর বয়সি রাজেন্দ্র বারৌটিয়ার মৃত্যু হয়েছে।
ঘটনাটি মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার পদারিয়া ছান্তা গ্রামের। গত মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে বাড়ির উঠোনে আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র। সেই সময় তাঁর কাছে আসেন প্রতিবেশী রামভগত বারৌটিয়া। দু’জনের মধ্যে কথাবার্তা চলাকালীন রাজেন্দ্রকে একটি মিষ্টি খেতে দেন তিনি। সেটিকে রসগোল্লা ভেবেই মুখে দেন রাজেন্দ্র। কিন্তু কামড় দিতেই ঘটে বিস্ফোরণ।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ওই মিষ্টির মধ্যে লুকোনো ছিল শুয়োর মারার কাজে ব্যবহৃত একটি দেশি বিস্ফোরক। বিস্ফোরণে রাজেন্দ্রর মুখ ও চোয়াল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী রামভগত বারৌটিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারা এবং বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। কী কারণে এমন ভয়ংকর ঘটনা ঘটানো হল, কোথা থেকে বিস্ফোরক এল, তা খতিয়ে দেখছে পুলিশ।












