India-Germany Ties: ভারত-জার্মানির কৌশলগত আলোচনা, জোর দেওয়া হল যৌথ অংশীদারিত্বে

Published : Nov 27, 2026, 09:33 PM IST
India's Ambassador to Germany Ajit Gupte (second from left) poses with a delegation of CDU/CSU Members of the German Bundestag, led by Tilman Kuban, at the Bundestag in Berlin. (Photo/X/@eoiberlin)

সংক্ষিপ্ত

কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপনে ভারত ও জার্মানির মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য এবং সংসদীয় বিনিময়ে জোর দিতে জার্মান প্রতিনিধি দল ভারত সফর করবে।

ভারত ও জার্মানির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে তৎপর দুই দেশ। বাণিজ্য, প্রতিরক্ষা, উন্নত প্রযুক্তি এবং সংসদীয় স্তরে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে শুক্রবার বার্লিনে গুরুত্বপূর্ণ বৈঠক হল। জার্মানিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজিত গুপ্তের সঙ্গে আলোচনায় বসেন জার্মান পার্লামেন্ট বুন্ডেস্ট্যাগের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (CDU) এবং ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (CSU)-এর আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন টিলম্যান কুবান। আগামী ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে আসার কথা রয়েছে তাঁদের। তার আগেই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বার্লিনে ভারতীয় দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বৈঠকের কথা জানানো হয়েছে। দূতাবাসের বিবৃতি অনুযায়ী, ২৬ নভেম্বর বুন্ডেস্ট্যাগে জার্মান আইনপ্রণেতাদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত অজিত গুপ্তে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিডিইউ/সিএসইউ পার্লামেন্টারি গ্রুপের ইউরোপীয় বিষয়ক মুখপাত্র টিলম্যান কুবান। ভারত-জার্মানি কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়ানোই ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।

এই প্রতিনিধি দলে টিলম্যান কুবান ছাড়াও রয়েছেন বুন্ডেস্ট্যাগের সদস্য জান মেটজলার, ফিলিপ এমএ হফম্যান, স্টেফান গ্লেজার এবং এলেন ডেমুথ। আগামী ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত তাঁদের নয়াদিল্লি ও বেঙ্গালুরু সফরের কর্মসূচি রয়েছে। এই সফরে দুই দেশের রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে।

উল্লেখ্য, এর আগেও জার্মান আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের রাষ্ট্রদূত। গত ২৫ নভেম্বর পল লোবে হাউসে জার্মান বুন্ডেস্ট্যাগের সদস্য তথা ভারত-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের ভাইস চেয়ারম্যান ডার্ক উইসের সঙ্গে সাক্ষাৎ করেন অজিত গুপ্তে। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে।

এদিকে ভারত-জার্মানি সম্পর্কের উন্নয়নে রাজনৈতিক স্তরেও তৎপরতা বেড়েছে। গত ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং উন্নত প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তাঁরা।

ফোনালাপের পর এক্সে প্রধানমন্ত্রী মোদী জানান, জার্মান চ্যান্সেলরের সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত-জার্মানি কৌশলগত সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই রাষ্ট্রনেতাই। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হন তাঁরা।

প্রধানমন্ত্রীর দফতরের (PMO) বিবৃতি অনুযায়ী, চলতি বছর ভারত ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হচ্ছে। এই বিশেষ উপলক্ষে প্রতিরক্ষা এবং উন্নত প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছেন দুই দেশের নেতা। তাঁদের মতে, ভারত-ইউরোপীয় ইউনিয়ন (EU) মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে ভারত ও জার্মানির মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।

এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন মোদী ও মার্জ। বিশ্বজুড়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি, স্থিতিশীলতা ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখতে বহুপাক্ষিক মঞ্চে একসঙ্গে কাজ করার বিষয়ে জোর দিয়েছেন তাঁরা। সব মিলিয়ে, কূটনৈতিক স্তরে ধারাবাহিক আলোচনা এবং জার্মান আইনপ্রণেতাদের আসন্ন ভারত সফর দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও নতুন মাত্রা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Train Fire Rules: ট্রেনে বিড়ি-সিগারেট ধরানোর আগে সাবধান! ৫০০০ টাকা জরিমানা দিতে হতে পারে
Delimitation Bill: আজই সংসদের পোর্টালে ডিলিমিটিশন বিল? হিসেব কষছে সরকার পক্ষ