
Liquor Tax: দেশে প্রথমবার মদের উপর শুল্ক বা কর ব্যবস্থায় বড় বদল আনল কর্ণাটক সরকার। অ্যালকোহলের পরিমাণের ভিত্তিতে কর নির্ধারণের নতুন নীতি চালু করেছে দক্ষিণের এই রাজ্য। ‘অ্যালকোহল-ইন-বেভারেজ’ (AIB) ভিত্তিক আবগারি শুল্ক কাঠামো কার্যকর করে কর্ণাটক কার্যত দেশের মধ্যে নজির গড়ল। গত ১১ মে থেকে কার্যকর হওয়া এই নতুন ব্যবস্থায় আর শুধু বোতলের পরিমাণ বা 'বাল্ক লিটার'-এর ভিত্তিতে কর ধার্য হবে না। পরিবর্তে, কোনও মদের মধ্যে কত শতাংশ অ্যালকোহল রয়েছে, অর্থাৎ 'অ্যালকোহল বাই ভলিউম' (ABV)-এর উপর নির্ভর করেই এবার থেকে কর্ণাটকে আবগারি শুল্ক ধার্য করা হবে।
'অ্যালকোহল বাই ভলিউম' (ABV)-এর অর্থ হল কোনও পানীয়তে মোট পরিমাণের কত শতাংশ অ্যালকোহল রয়েছে। যেমন, কোনও বিয়ারের বোতলে যদি ৫% এবিভি লেখা থাকে, তার মানে ওই পানীয়ের প্রতি ১০০ মিলিলিটারে ৫ মিলিলিটার বিশুদ্ধ অ্যালকোহল আছে। এভাবেই প্রায় ৬০ বছর ধরে চলে আসা পুরনো কর ব্যবস্থাকে সরিয়ে এনে এই নতুন মডেল কার্যকর করেছে কর্নাটক সরকার। আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল ব্যবহৃত এই পদ্ধতিকে আরও স্বচ্ছ ও বৈজ্ঞানিক বলে দাবি প্রশাসনের।
সরকারের বক্তব্য, এতে কর ব্যবস্থায় স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনই বাজারও আরও প্রতিযোগিতামূলক হবে। নতুন নিয়ম অনুযায়ী, বেশি অ্যালকোহলযুক্ত মদের উপর করের হার বাড়বে। অন্যদিকে কম অ্যালকোহলযুক্ত পানীয়, যেমন ওয়াইন বা মাইল্ড বিয়ারের ক্ষেত্রে দাম কমতে পারে। বিশেষ করে প্রায় ৫ শতাংশ ABV-যুক্ত মাইল্ড বিয়ারের দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। একই ভাবে প্রিমিয়াম মদ, স্কচ এবং উচ্চমানের বিভিন্ন ব্র্যান্ডের দামও কমতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে সাধারণ ক্রেতাদের জন্য সব খবর সুখের নয়। কম দামের ছোট প্যাকের দেশি মদ বা অপেক্ষাকৃত সস্তা ১৮০ মিলিলিটারের বোতলের দাম বাড়তে পারে। কারণ নতুন কাঠামোয় উচ্চ অ্যালকোহলমাত্রার সস্তা মদের উপর বেশি কর বসবে। সরকার আবগারি শুল্কের স্ল্যাবও কমিয়ে ১৬ থেকে ৮ করেছে। এর ফলে পুরো কর কাঠামো আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভারতীয় তৈরি বিদেশি মদ বা আইএমএল-এর দাম এখন থেকে অনেকটাই বাজার নির্ধারিত হবে, আগের মতো সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে নয়।