
LK Advani Birth Birthday: রবিবার ৯৯ বছর পূর্ণ করে শতবর্ষে পা চলেছেন প্রবীণ বিজেপি (BJP) নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। তাঁর জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি। রবিবার বিজেপি জাতীয় সদর দফতরে হোম ও পুজোর মাধ্যমে তাঁর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করা হবে। ১৯২৭ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেন আডবাণী। রবিবার জীবনের শততম বছরে প্রবেশ করছেন তিনি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Nabin) এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল (Piyush Goyal)। তাঁরা এই অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই অনুষ্ঠানে থাকবেন আডবাণীর মেয়ে প্রতিভা আডবাণীও (Pratibha Advani)। হোম ও পুজোর পর আডবাণীর জীবন এবং দীর্ঘ রাজনৈতিক যাত্রা নিয়ে একটি বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।
১৯ অক্টোবর বুকে সংক্রমণের চিকিৎসার পর নয়াদিল্লির (New Delhi) অ্যাপোলো হাসপাতাল থেকে ছাড়া পান আডবাণী। এর আগে মে মাসেও বয়সজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কয়েকদিন চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। ২০২৪ সালেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ এই নেতা। অ্যাপোলো হাসপাতালের পাশাপাশি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসেও তাঁর চিকিৎসা হয়েছিল। ওই বছরের ডিসেম্বরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে ২৫ ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। ৭ অক্টোবর আডবাণীর দিল্লির বাসভবনে গিয়ে তাঁর আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সরকারের প্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ করা উপলক্ষে প্রবীণ নেতার সঙ্গে দেখা করেন তিনি। সেই সাক্ষাতের পর মোদী জানিয়েছিলেন, দীর্ঘ কয়েক দশক ধরে দেশের জনজীবনে আডবাণীর অবদান বিশেষ ছাপ রেখে গিয়েছে।
১৯২৭ সালের ৮ নভেম্বর অবিভক্ত ভারতের করাচিতে জন্ম আডবাণীর। ১৯৪৭ সালে দেশভাগের পর ভারতে চলে আসেন তিনি। বিজেপি-র উত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত আডবাণী। তিনবার দলের সভাপতির দায়িত্বও সামলেছেন। অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন আডবাণী। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আডবাণী। দেশের রাজনীতিতে দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের মার্চ মাসে তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন (Bharat Ratna) প্রদান করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) তাঁর বাসভবনে গিয়ে এই সম্মান তুলে দেন। সেই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী-সহ একাধিক বিশিষ্ট নেতা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।