Model Arrested: ১২ কোটি টাকার মাদক সহ মুম্বই বিমানবন্দরে গ্রেফতার জনপ্রিয় মডেল

Published : Jun 12, 2026, 05:52 PM IST
Harsha Sunny

সংক্ষিপ্ত

Model Arrested: Model Arrested: মুম্বই বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদক-সহ গ্রেফতার হলেন কেরলের এক মডেল। ধৃত হর্ষা সানি ২০২৫ সালের 'মিসেস কেরল' সৌন্দর্য প্রতিযোগিতার রানার্স-আপ ছিলেন। তাঁর কাছ থেকে প্রায় ১১.৮২৪ কিলোগ্রাম হাইড্রোপনিক গাঁজা উদ্ধার হয়েছে।

Model Arrested: মুম্বই বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদক-সহ গ্রেফতার হলেন কেরলের এক মডেল। ধৃত হর্ষা সানি (Harsha Sunny) ২০২৫ সালের 'মিসেস কেরল' সৌন্দর্য প্রতিযোগিতার রানার্স-আপ ছিলেন। তাঁর কাছ থেকে প্রায় ১১.৮২৪ কিলোগ্রাম হাইড্রোপনিক গাঁজা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে শুল্ক দফতর। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় ১১.৮২ কোটি টাকা বলে জানা গিয়েছে। শুল্ক দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে ব্যাঙ্কক থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন হর্ষা সানি। যাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণের ভিত্তিতে এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকদের সন্দেহ হয়। ভোর প্রায় ৪টা নাগাদ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

ট্রলি ব্যাগ থেকে উদ্ধার প্যাকেট প্য়াকেট বিশেষ ধরনের গাঁজা

প্রথমে তাঁর ব্যক্তিগত তল্লাশি চালানো হলেও কোনও নিষিদ্ধ বস্তু পাওয়া যায়নি। পরে তাঁর ট্রলি ব্যাগ খুঁটিয়ে পরীক্ষা করে ১২টি ভ্যাকুয়াম-সিল করা প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটগুলিতে হাইড্রোপনিক ক্যানাবিস বা বিশেষ ধরনের গাঁজা ছিল বলে তদন্তকারীদের দাবি। প্রাথমিক পরীক্ষাতেও উদ্ধার হওয়া পদার্থ মাদক বলে নিশ্চিত হওয়া গিয়েছে। এরপরই মাদকদ্রব্য ও মনঃপ্রভাবিত পদার্থ নিয়ন্ত্রণ আইন (NDPS Act)-এর আওতায় হর্ষাকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগ অস্বীকার

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন হর্ষা। তদন্তকারীদের কাছে তিনি দাবি করেছেন, ব্যাঙ্ককে পরিচয় হওয়া এক ব্যক্তি তাঁকে ওই ব্যাগটি ভারতে নিয়ে আসার অনুরোধ করেছিলেন। ব্যাগের ভিতরে কী রয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। তাঁর আইনজীবীরও দাবি, আন্তর্জাতিক মাদক পাচারকারীরা এক নিরীহ যাত্রীকে ব্যবহার করেছে।

মডেলিংয়ের পাশাপাশি ব্যাঙ্কে কর্মরত ছিলেন

জানা গিয়েছে, পেশায় মডেল হওয়ার পাশাপাশি একটি বেসরকারি ব্যাঙ্কে রিলেশনশিপ ম্যানেজার হিসেবেও কাজ করেন হর্ষা সানি। পর্যটন এবং মডেলিং-সংক্রান্ত কিছু সম্ভাবনা খতিয়ে দেখতে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। হর্ষার ভ্রমণ-ইতিহাস, ফোনের তথ্য এবং যোগাযোগের নথি পরীক্ষা করা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। এক সৌন্দর্য প্রতিযোগিতার পরিচিত মুখের গ্রেফতারি ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission: ৫ সদস্যের পারিবারিক খরচের ভিত্তিতে বাড়বে বেতন! অষ্টম বেতন কমিশন নিয়ে নয়া চমক
Yogi Adityanath: ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ! উত্তরপ্রদেশে ঝড়-বিধ্বস্তদের পাশে দাঁড়াতে কড়া নির্দেশ যোগীর