
বিহারের পাটনায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কালো টাকা দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি থেকে শুরু করে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) আদর্শ—একাধিক বিষয়ে সরব হন তিনি। পাশাপাশি, মোদীকে নিয়ে তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে অনুষ্ঠানে উত্তেজনা ছড়ায়। রবিবার বিহারের প্রথম মুখ্যমন্ত্রী ডঃ শ্রীকৃষ্ণ সিংহের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পাটনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাড়গে। সেখানে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তোলেন তিনি। খাড়গের প্রশ্ন, প্রধানমন্ত্রী প্রথম ১০০ দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার কথা বলেছিলেন। কিন্তু সেই টাকা কোথায়? এই প্রশ্ন তুলে মোদীকে নিশানা করেন কংগ্রেস সভাপতি।
বক্তৃতা চলাকালীন উপস্থিত এক ব্যক্তি মোদীকে নিয়ে মন্তব্য করেন। তাঁর জবাবে খাড়গে বলেন, ‘মোদীর বাবাও চলে যাবেন।’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে অনুষ্ঠানে হইচই শুরু হয়। পরে বিজেপি নেতারা কংগ্রেস সভাপতির বক্তব্যের সমালোচনা করেন। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।
#WATCH | A ruckus broke out during Congress national president Mallikarjun Kharge's address at the 139th birth anniversary celebration of Dr. Shri Krishna Singh in Patna, Bihar
A person present at the event said that PM Modi would not go anywhere, Kharge responded, "Modi ka baap bhi jayega."
— ANI (@ANI) October 25, 2026
নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়েও সরব হন খাড়গে। তাঁর অভিযোগ, নির্বাচনী তালিকা থেকে বিরোধী সমর্থকদের নাম বাদ দেওয়ার মতো ঘটনা ঘটছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। খাড়গে SIR প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানান। পাশাপাশি, গত দু’বছরে হওয়া বিধানসভা নির্বাচন বাতিল করার দাবি তোলেন এবং ভবিষ্যতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের পক্ষে সওয়াল করেন। তাঁর বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং গণতন্ত্রকে রক্ষা করা জরুরি।
খাড়গের অভিযোগ, বিজেপি ও RSS-এর আদর্শ দেশের সামাজিক বিভাজন আরও বাড়াচ্ছে। তাঁর দাবি, RSS-এর আদর্শ বজায় থাকলে দেশে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হবে। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগও তোলেন কংগ্রেস সভাপতি। তাঁর বক্তব্য, দেশের ঐক্য, সাম্য এবং সংবিধানের মূল্যবোধ রক্ষা করাই তাঁদের লড়াইয়ের লক্ষ্য।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেডের নেতা নীতীশ কুমারকেও নিশানা করেন খাড়গে। তাঁর অভিযোগ, একসময় সমাজতান্ত্রিক রাজনীতির সঙ্গে যুক্ত নীতীশ এখন বিজেপির সঙ্গে জোট করেছেন। নীতীশের রাজনৈতিক অবস্থানের এই পরিবর্তন নিয়ে কটাক্ষ করেন তিনি। এ ছাড়াও, ধর্মের নামে বৈষম্য এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে সরব হন খাড়গে। তাঁর বক্তব্য, ধর্মীয় বিশ্বাস মানুষের মধ্যে বিভেদ নয়, ঐক্য তৈরি করা উচিত।