
Mumbai Rains: বুধবার সকাল থেকে মুম্বইয়ে রেকর্ড বৃষ্টি। বৃষ্টির তীব্রতা দেখে অনেক স্থানীয় বাসিন্দা ও নেটিজেন একে 'মেঘভাঙা বৃষ্টি'-র সঙ্গে তুলনা করছেন। যদিও আবহাওয়া দফতর (IMD) এখনও 'ক্লাউডবার্স্ট' ঘোষণা করেনি। খুব কম সময়ে একসঙ্গে এত বৃষ্টিপাত মুম্বইয়ে স্মরণাতীত কালের মধ্যে দেখা যায়নি। এমনটাই দাবি করলেন সেখানকার নেটিজেনরা। আজ একদিনে মুম্বইয়ে গোটা বর্ষাকালের মোট বৃষ্টিপাতের প্রায় ৮ থেকে ১০ শতাংশ নেমে যেতে পারে। অনুমান করা হচ্ছে, দিনের শেষে বৃষ্টির পরিমাণ ২৫০ থেকে ৩০০ মিলিমিটারের মধ্যে পৌঁছতে পারে। রেকর্ড বৃষ্টির পর আন্ধেরী থেকে দাদর, মুম্বরা থেকে নবি মুম্বই, সবই জলের তলায়। বেশ কিছু জায়গায় বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল।
বৃহন্মুম্বই পুরসভার (BMC) তথ্য অনুযায়ী, শহরের পশ্চিমাঞ্চলে বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (BKC) এলাকায় ১৩২.৪ মিলিমিটার এবং বোরিভালি এলাকায় ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া দিন্দোশি ফায়ার স্টেশন এলাকায় ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রায় সর্বত্রই রাস্তা পরিণত হয়েছে নদীতে। এখানেই শেষ নয়। মুম্বই জুড়ে আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারীর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস (IMD)। জারি করা হয়েছে লাল সতর্কতা। থানে, পালঘর, রায়গড় ও মহারাষ্ট্রের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
দেখুন ভিডিও
Heavy rains over Western Suburbs this morning, waterlogging reported in many areas! Visuals from Andheri #MumbaiRains pic.twitter.com/JV9Lmj5ET3
— Mumbai Rains (@rushikesh_agre_) July 1, 2026
আগামী শনিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে জানানো হয়েছে। সকাল থেকেই মুম্বই ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় মুষলধারে বৃষ্টি চলছে। প্রবল বর্ষণের জেরে একাধিক রাস্তায় জল জমেছে, যান চলাচলেও ব্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যদি পূর্বাভাস অনুযায়ী ২৫০-৩০০ মিলিমিটার বৃষ্টি হয়, তবে এটি চলতি মরশুমের অন্যতম ভারী বৃষ্টির দিন হিসেবে নথিভুক্ত হবে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
শহরের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টির কারণে বলিউড নগরীর রাস্তায় যানজট দেখা দিয়েছে। ভারী বৃষ্টির জেরে দৃশ্যমানতাও অনেক কমে গিয়েছে, ফলে অফিসযাত্রীদের ভোগান্তি বেড়েছে। আবহাওয়া দফতর (IMD) বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে বেরোতে বারণ করেছে। বিশেষ করে প্রবল বৃষ্টির সময় দুর্বল বাড়ি, বড় গাছ এবং জল জমে থাকা এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দেখুন ভিডিও
Cloudburst like conditions in Dadar, 12 PM. #MumbaiRains https://t.co/0hTJpaJSm3
— Mumbai Rains (@rushikesh_agre_) July 1, 2026
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টা ভারী বৃষ্টি চলতে পারে। তাই জল জমা, গাছ ভেঙে পড়া এবং তীব্র যানজটের আশঙ্কায় সতর্ক রয়েছে প্রশাসন।