
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সরকারের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। সাধারণ মানুষের জীবনযাত্রা এবং ব্যবসা করার পদ্ধতি আরও সহজ করার জন্য সংস্কারের উপর জোর দিয়েছেন তিনি। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের জন্য পিএম গতিশক্তি প্ল্যাটফর্মকে আরও ভালোভাবে ব্যবহারের কথাও বলেন তিনি।
মঙ্গলবার নতুন দিল্লির সেবা তীর্থে ভারত সরকারের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি প্রকল্পগুলির সুবিধা যাতে সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে, সচিবদের সেদিকে নজর দিতে বলেন তিনি। বৈঠকে মূলত দুটি বিষয়ের উপর আলোচনা হয়। প্রথমটি হল 'ব্যবসা ও জীবনযাত্রার সরলীকরণের জন্য সংস্কার' এবং দ্বিতীয়টি 'আত্মনির্ভর ভারত গঠন'।
এই বৈঠকে সচিবরা নিজেদের মন্ত্রক ও দপ্তরের তরফে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাঁরা কী কী করছেন, সেই বিষয়ে জানান। একইসঙ্গে নিজেদের ক্ষেত্রের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে পরিষেবা আরও উন্নত করার পরিকল্পনাও পেশ করেন।
প্রধানমন্ত্রী সমস্ত দপ্তরকে একসঙ্গে মিলেমিশে কাজ করার উপর জোর দেন। তিনি বলেন, দপ্তরের ভেতরের গণ্ডি ভেঙে বেরিয়ে আসতে হবে। সমন্বিত পরিকল্পনা ও বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পিএম গতিশক্তি প্ল্যাটফর্মকে আরও ভালোভাবে ব্যবহার করতে হবে। প্রসঙ্গত, এই মাসেই প্রধানমন্ত্রী মোদী দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড করেছেন। তিনি একটানা ৪,৩৯৯ দিন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙেছেন। নেহরু ১৯৫২ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত একটানা ৪,৩৯৮ দিন এই পদে ছিলেন।
এই মাইলফলক উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব পাশ করে। প্রস্তাবে বলা হয়, এই ঘটনাটি ভারতের গণতান্ত্রিক চেতনা, জনগণের আস্থা এবং জনঅংশগ্রহণের শক্তির প্রতীক।
প্রস্তাবে আরও বলা হয়, তাঁর নেতৃত্বে এনডিএ সরকার ১২ বছর পূর্ণ করেছে এবং সরকার প্রধান হিসেবে তিনি শীঘ্রই ২৫ বছরের মেয়াদ পূর্ণ করতে চলেছেন।