
PM Modi Breakfast Meeting: নিজের বাসভবনে বুধবার, ৩৭ জন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদের সঙ্গে ব্রেকফাস্ট সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi Breakfast Meeting)। সংসদের বাদল অধিবেশন চলাকালীন সাংসদদের সঙ্গে আলাপচারিতার অংশ হিসেবেই এই বৈঠকের আয়োজন করা হয় বলে জানা গেছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন এবং সাংসদদের সঙ্গে ঘরোয়া আলোচনা করেন। উপস্থিত সাংসদদের মধ্যে ছিলেন ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই) জোটের সঙ্গে যুক্ত সাংসদরা, আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন নেতারা এবং দলের বরিষ্ঠ নেতা তরুণ চুগ, বিনোদ তাওড়ে ও দলের সভাপতি নীতিন নবীন (Breakfast Meeting)।
মনে রাখতে হবে, এই ব্রেকফাস্ট বৈঠকটি এমন একটি সময়ে হল, যখন বিরোধীরা সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তারা প্রধানমন্ত্রীর জবাব চাইছেন। এমনিতেই বুধবার লাগাতার হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে সরাসরি সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবি তোলেন।
খাড়গে বলেন, "আমাদের দাবি, প্রধানমন্ত্রী মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাউজে আসুন। তারা বিবৃতি দিন, আমরা আলোচনা করতে রাজি আছি। আলোচনার মাধ্যমেই সমাধান বেরিয়ে আসবে।" তিনি আরও যোগ করেন, “হাউজ শুরু হয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে। তাদের আসা উচিত এখানে। হাউজে না এসে তারা সংসদকে অপমান করছেন।” অন্যদিকে, বিরোধী সাংসদরা, যাদের মধ্যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং অন্যরাও ছিলেন, তারা সংসদ চত্বরে প্রেরণা স্থলে গান্ধী মূর্তির পাদদেশ থেকে মকর দ্বার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন। এই মিছিল ছিল ২০ জুলাই সিজেপি বিক্ষোভকারীদের উপর 'পুলিশি পদক্ষেপ', অযোধ্যা রাম মন্দির অনুদানে আর্থিক তছরুপ এবং অন্যান্য ইস্যুকে সামনে রেখে হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।