
অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরের দানের টাকা নয়ছয়ের অভিযোগে দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার এই বিতর্কের আগুনে ঘি ঢেলে পদত্যাগ করেছেন ট্রাস্টের দুই বর্ষীয়ান সদস্য। অন্যদিকে, কয়েক লক্ষ টাকার এই দুর্নীতিতে অভিযুক্ত আটজনকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র ৮০ লক্ষ টাকা। ভক্তদের দানের টাকার পাশাপাশি ভগবান শ্রী রামকে দেওয়া হার, পাদুকা-সহ একাধিক মূল্যবান জিনিল লুঠ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ, রাম মন্দিরের কর্মী এবং ব্যাঙ্কের কর্মচারীদের একাংশ মিলে পরিকল্পিতভাবে ভক্তদের দেওয়া অনুদানের টাকা চুরি করছিল। এই কেলেঙ্কারি এখন শাসক দল বিজেপি এবং বিরোধীদের মধ্যে নতুন লড়াইয়ের ইস্যু হয়ে উঠেছে। বিরোধীরা এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলেছে। এই বিতর্কের মধ্যেই ‘নৈতিক দায়’ স্বীকার করে পদত্যাগ করেছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টি অনিল মিশ্র। গত ২৫ জুন ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী এই তহবিল তছরুপের ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল।
শুক্রবার অযোধ্যার একটি বিশেষ আদালত আটজন সন্দেহভাজনকে ২৯ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। ধৃতদের মধ্যে সরকারি কর্মচারী এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মীরাও রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে ৭৯.৮৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
বিরোধীরা এই পদত্যাগকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। তাদের মতে, এই ঘটনা লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাসের সঙ্গে প্রতারণা।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, "অবশেষে দানভক্তদের মুখোশ খুলে গেল।" তাঁর অভিযোগ, "বিজেপির অনুগতদের অহংকারে তৈরি হওয়া লঙ্কার সাম্রাজ্য" এবার ঈশ্বরের রোষের মুখে পড়েছে।
এক্স-এ একটি পোস্টে যাদব বলেন, "ভগবানের দৈব শক্তি তার খেল দেখিয়েছে। এবার অযোধ্যাতেই বিজেপির লঙ্কাকাণ্ড ঘটবে। অবশেষে 'দানভক্তদের' মুখোশ খুলে গেল। বিজেপির অনুগতদের অহংকারে তৈরি হওয়া এই ঝলমলে লঙ্কার সাম্রাজ্য এবার শেষ হবে, আর 'লঙ্কেশ্বর'-এরও পতন হবে। বিজেপির জন্য অমৃতকাল এখন অন্ধকার যুগে পরিণত হয়েছে।"
পদত্যাগ নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, "এই সরকার দাবি করত তাদের আমলে কেউ পদত্যাগ করে না। অনুদান চুরির ঘটনায় ক্ষুব্ধ জনতা এখন মজা করে বলছে, বিজেপি নেতারা নাকি বলছেন, 'আমরা বলেছিলাম পদত্যাগ হবে না—আমরা তো পদত্যাগ করিনি, আমরা ত্যাগপত্র দিয়েছি'।"
যাদব এই ঘটনাকে "শুধুমাত্র শুরু" বলে দাবি করে বলেন, বিজেপি এবং তার সহযোগীরা এখন একে অপরের পর্দাফাঁস করবে। তাঁর কথায়, "ঈশ্বরের অডিট থেকে বিজেপির দলবল পালাতে পারবে না।"
আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, এই চুরির সঙ্গে "বড় বড় মাথা জড়িত" এবং তারা এখন নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। আপ সাংসদ সঞ্জয় সিং মন্দির প্রশাসনের বিরুদ্ধে একপেশে রাজনীতি করার অভিযোগ তুলে বলেন, কেজরিওয়ালের সাম্প্রতিক সফরের একটি আনুষ্ঠানিক ছবিও তারা দেয়নি।
একটি সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, "কোটি কোটি মানুষের ভগবান রামের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে, এবং এই ঘটনায় তাদের ভাবাবেগে গভীর আঘাত লেগেছে... যারা এই চুরি করেছে, এই বিশাল ডাকাতির সঙ্গে যারা জড়িত, দুর্ভাগ্যবশত ব্যবস্থা নেওয়ার দায়িত্বও তাদেরই হাতে। স্বাভাবিকভাবেই, তারা নিজেদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না। বরং, তারা নিজেদের বাঁচানোর জন্য সবরকম চেষ্টা করছে।"
আপ-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংও মন্দির প্রশাসনকে একহাত নিয়ে বলেন, কেজরিওয়ালের দর্শনের পর মন্দিরের নিজস্ব ফটোগ্রাফার ছবি তুলেও বারবার অনুরোধ সত্ত্বেও সেই ছবি দেয়নি। এক্স-এ তিনি লেখেন, "এটা কী ধরনের নোংরা রাজনীতি যে, এখন দান-চোর পার্টি রামভক্ত অরবিন্দ কেজরিওয়ালের ছবিও চুরি করতে শুরু করেছে?"
কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল সুপ্রিম কোর্টের একজন কর্মরত বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে, সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা জোর দিয়ে বলেছেন, এই "লুঠের" দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিতে হবে। বেণুগোপাল এক্স-এ লেখেন, "অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির ঘটনা সামনে আসায় হিন্দুধর্মের স্বঘোষিত রক্ষকদের আসল রূপ প্রকাশ হয়ে গেছে।"
সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা দুই ট্রাস্টির পদত্যাগকে "হিমশৈলের চূড়া মাত্র" বলে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই দুর্নীতির দায় নিতে হবে।
শাসক দল এই ঘটনাকে "রাজনৈতিকীকরণ" করার চেষ্টার তীব্র বিরোধিতা করেছে এবং জোর দিয়ে বলেছে যে আইন নিরপেক্ষভাবে তার নিজের পথে চলছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিরোধীদের একহাত নিয়ে বলেন, যারা মন্দির নির্মাণের বিরোধিতা করেছিল, তারাই এখন রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই ইস্যু তৈরি করছে। মুখ্যমন্ত্রী বলেন, জনগণের বিশ্বাসে আঘাত হানার চেষ্টাকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার "জিরো টলারেন্স" নীতি নেবে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)-এর প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে প্রথম এফআইআর দায়ের হওয়ার পর দেওরিয়ায় একটি জনসভায় তিনি এই কথা বলেন।
যোগী আদিত্যনাথ আরও বলেন, "সরকারের উদ্দেশ্য পরিষ্কার... সবকিছুই সকলের সামনে আসবে। কিন্তু আমি আবারও আবেদন করব: রামভক্তদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, তাদের বিশ্বাসের সঙ্গে খেলা বন্ধ করুন। যদি কোনও তথ্য বা প্রমাণ না থাকে, তাহলে অভিযোগ-পাল্টা অভিযোগ বন্ধ করুন, আর যদি প্রমাণ থাকে, তাহলে তা SIT-এর সামনে পেশ করুন।"
একই সুরে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে।
অন্যদিকে, উত্তরপ্রদেশ বিজেপির নবনিযুক্ত সহ-সভাপতি নীরজ সিং এই ঘটনাকে "অবশ্যই লজ্জাজনক" বললেও দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংও বিষয়টিকে "অত্যন্ত গুরুতর" বলে উল্লেখ করে বলেন, দোষীদের ছাড়া হবে না।
আইন বিশেষজ্ঞরা, যেমন আইনজীবী হরি শঙ্কর জৈন এবং বিষ্ণু শঙ্কর জৈন, দেবতার সম্পত্তি সুরক্ষিত রাখতে ব্যবস্থার সংস্কারের উপর জোর দিয়েছেন। বিশ্ব হিন্দু পরিষদ (VHP) অপ্রয়োজনীয় কমিটি গঠনের পরিবর্তে মন্দির প্রশাসনকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছে।
এই বিতর্কে প্রতিক্রিয়া জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার বলেন, "আমার মনে হয় না নতুন কোনও কমিটি গঠনের প্রয়োজন আছে। অভিযোগ দুজন ট্রাস্টির বিরুদ্ধে, অন্যদের বিরুদ্ধে নয়। তাই আসল কাজ হলো ব্যবস্থার উন্নতি করা।"
এদিকে, শুক্রবার অযোধ্যার একটি বিশেষ আদালত রাম মন্দির অনুদান দুর্নীতি মামলায় অভিযুক্ত আটজনকে ২৯ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
প্রসিকিউশন অফিসার কেসি ভার্মার মতে, একজন ছাড়া বাকি অভিযুক্তদের কাছ থেকে মোট ৭৯.৮৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে সরকারি কর্মচারী এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেশ কয়েকজন কর্মীও রয়েছেন।
এই মামলায় ধৃত আটজন অভিযুক্ত হলেন অবিনাশ শুক্লা, অনকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রমা শঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রমা শঙ্কর ওরফে টিনু।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতে ২৫ জুন রাম জন্মভূমি থানায় এই এফআইআর দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, মন্দিরের অনুদান গণনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মীরা একটি অপরাধমূলক ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে অনুদানের টাকা চুরি ও আত্মসাৎ করেছে।
SIT তদন্ত যত এগোচ্ছে, ততই এই মামলাটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে প্রশাসনের জন্য একটি অগ্নিপরীক্ষা হয়ে উঠছে। অন্যদিকে, রাজনৈতিক দোষারোপের পালা কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না।