
Sonam Wangchuk: আবারও সিজেপি-র আন্দোলনকে সমর্থন জানালেন সমাজ এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। প্রসঙ্গত, এর আগে নিট কেলেঙ্কারি নিয়ে সিজেপি-র আন্দোলন চলাকালীন যন্তর মন্তরে তিনি অনশন শুরু করেন। এবার ইস্যু আলাদা। কিন্তু তিনি ফের ককরোচ জনতা পার্টির পাশেই দাঁড়িয়েছেন। উল্লেখ্য, সিজেপি নেতা অভিজিৎ ডিপকে গত শুক্রবার, পরিষ্কার জানিয়ে দেন, শনিবারের মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার যদি পদত্যাগ না করেন, তাহলে তারা বড় আন্দোলনে নামবেন। গান্ধীজয়ন্তী তথা স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মহত্মা গান্ধীর জন্মদিন অর্থাৎ, ২ অক্টোবর থেকেই সিজেপি আন্দোলনে নামতে চলেছে। আর সেই আন্দোলন শুরু হবে দেশের বাণিজ্য নগরী মুম্বই থেকে (Sonam Wangchuk news)।
সেই প্রতিবাদকেই এবার সমর্থন জানালেন সোনম ওয়াংচুক। এই প্রসঙ্গে তিনি বলেছেন, “দেশে সবচেয়ে বেশি যা প্রয়োজন, তা হল একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া। তাই আমার তরফ থেকে আমি এটিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে ব্যক্তিগতভাবে প্রতিটি আন্দোলনে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব না হলেও আমি শুরু থেকেই এগুলির প্রতি সমর্থন জানিয়ে এসেছি।" অর্থাৎ, ফের একবার ককরোচদের পাশেই দাঁড়ালেন সমাজ এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।
প্রসঙ্গত, এসআইআর সহ একাধিক বিষয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এই মুহূর্তে প্রকাশ্যে চলে এসেছে। তার মধ্যেই সেই বিস্ফোরক রিপোর্ট। ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটচুরি করার অভিযোগ তুলতে শুরু করেছে। তারই মাঝে এবার ককরোচ জনতা পার্টির হুঁশিয়ারি। কারণ একটাই। দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা চূড়ান্ত অসঙ্গতি এবং চরম অনৈতিক কাজের একাধিক অভিযোগ সামনে আসছে। ককরোচরা জানিয়েছে, আগামী ২ অক্টোবর থেকেই তারা আন্দোলনে নামবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।