
তিরুবনন্তপুরম: অনেকেই ট্রেনে বা পাবলিক প্লেসে মোবাইলে জোরে জোরে গান শোনেন বা কথা বলেন। এতে অন্য যাত্রীদের বেশ সমস্যা হয়। সাদার্ন রেলওয়ে (Southern Railway) এবার এই সমস্যার সমাধানে কড়া পদক্ষেপ নিল। ট্রেনে স্পিকার অন করে গান শোনা বা ভিডিও দেখার দিন এবার শেষ।
সাদার্ন রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী ট্রেনে জোরে গান চালিয়ে বা চিৎকার করে কথা বলে অন্যদের বিরক্ত করলে তাঁকে জরিমানা গুনতে হবে। এই ধরনের আচরণের জন্য রেল ১০০০ টাকা জরিমানা করবে। শুধু তাই নয়, অভিযুক্ত যাত্রীকে ট্রেনের কোচ বা রেলওয়ে চত্বর থেকে বের করে দেওয়া হতে পারে। কেউ যদি বারবার একই অপরাধ করেন, তবে তাঁর ৬ মাস পর্যন্ত জেল এবং ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
সাদার্ন রেলওয়ে ইতিমধ্যেই এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। খুব তাড়াতাড়ি অন্যান্য জায়গাতেও এই নিয়ম চালু হতে পারে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, যাত্রীদের শান্তিতে যাতায়াত নিশ্চিত করতে অন্যান্য রেলওয়ে জোন এবং মেট্রো পরিষেবাগুলিও এই নিয়ম কাজে লাগাতে পারে। আইন অনুযায়ী, মেট্রো রেলে যাত্রীদের বিরক্ত করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য জরিমানার পাশাপাশি কর্তৃপক্ষ অভিযুক্তকে কোচ থেকে নামিয়ে দিতে পারে।