
Union Budget 2026: ১ এপ্রিল চালু হচ্ছে নতুন আয়কর আইন (New Income Tax Act)। রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। তিনি জানিয়েছেন, করদাতাদের যাতে কোনওরকম ঝঞ্ঝাট পোহাতে না হয়, নগদের ক্ষেত্রে কোনওরকম সমস্যা না হয় এবং আয়কর রিটার্নের সময় কোনও ভুল করলে সেই ভুল সংশোধন করা যাতে সহজে হয়ে যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। আয়করের প্রক্রিয়া সরল করছে কেন্দ্রীয় সরকার। করছাড়ের ক্ষেত্রেও নতুন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, বিদেশে কারও সম্পত্তি থাকলে সে বিষয়ে ঘোষণা করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীর মতে, নতুন আয়কর আইন চালু করার পর সবারই সুবিধা হবে।
করদাতারা যেভাবে আইটিআর-১ (ITR‑1) এবং আইটিআর-২ (ITR‑2) ফাইল করেন, তাঁদের আয়কর রিটার্ন ফাইলের শেষ দিন ৩১ জুলাই। অডিটের আওতায় থাকে না এমন ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন ট্রাস্টের ক্ষেত্রে আয়কর রিটার্ন ফাইলের শেষ দিন ৩১ অগাস্ট। আয়কর রিটার্ন ফাইল সংশোধনের শেষ দিন ৩১ মার্চ। সামান্য ফি দিয়ে করদাতারা ভুল সংশোধনের সুযোগ পান। এবারও করদাতাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে।
রবিবার বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, বিদেশ ভ্রমণের প্যাকেজের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এবার থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দুই শতাংশ কর দিতে হবে। অতীতে এক্ষেত্রে পাঁচ শতাংশ ও ২০ শতাংশ কর দিতে হত। এই কর অনেকটাই কমানো হচ্ছে। শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও এবার সুবিধা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করা হচ্ছে। ফলে সবারই সুবিধা হতে চলেছে। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, আয়কর ফাইল রিটার্ন খতিয়ে দেখা শুরু হওয়ার পরেও আয়কর রিটার্ন ফাইল সংশোধন করা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।