
আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন অমিত শাহ ও যোগী আদিত্যনাথের বহু আলোচিত ক্ষমতার সমীকরণ নতুন করে সাজিয়ে দিতে পারে। দলীয় সূত্রের খবর, চূড়ান্ত জয় নিশ্চিত করতে দুই নেতা এ বার একসঙ্গে কাজ করতে প্রস্তুত। বিজেপিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরাধিকার হিসেবে বারবার উঠে এসেছে অমিত শাহের নাম। কিন্তু সেই দৌড়ে খুব একটা পিছিয়ে নেই যোগী আদিত্যনাথও। তবে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির দুই শীর্ষ কর্তার মধ্যে দেখা যেতে পারে নতুন সমীকরণ।
সূত্রের দাবি, এই নির্বাচনে বিজেপির প্রধান কৌশলবিদের দায়িত্ব নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দৃশ্যত মুখ্যমন্ত্রীর শিবিরের অনুরোধেই এই সিদ্ধান্ত। আদিত্যনাথের ঘনিষ্ঠ এক নেতার কথায়, শাহ প্রথমে অনিচ্ছুক থাকলেও এখন সব ঠিকঠাক। দিওয়ালির পর তিনি ঘন ঘন রাজ্যে এসে পুরো নির্বাচন তদারকি করবেন বলেও জানা গিয়েছে। যোগী আদিত্যনাথের শিবিরের অনুরোধেই 'শাহী বরফ' গলছে বলেও মনে করছেন ওয়াকিবহাল মহল।
দলীয় সূত্র বলছে, গত কয়েক মাসে দিল্লি সফরের প্রতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। সেই বৈঠকগুলিই দু’পক্ষের উত্তেজনা কমাতে বড় ভূমিকা নিয়েছে। রাজ্য বিজেপি কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধান অতিথি হিসেবে অমিত শাহের সাম্প্রতিক লখনউ সফরকেও সম্পর্ক ভাল হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল মাত্র ৩৩টি। বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধানও উল্লেখযোগ্য ভাবে কমে। তখন আদিত্যনাথ শিবির দোষ দেয় শাহ ও কেন্দ্রীয় নেতৃত্বকে। অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রীকে সরিয়ে রেখে প্রার্থী বাছাই ও প্রচারের একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাল্টা শাহ শিবির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে।
আদিত্যনাথের হাতে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ থাকলেও তাঁর আমলাতান্ত্রিক কার্যপদ্ধতিতে দলীয় কর্মীরা অসন্তুষ্ট বলে সূত্রের দাবি। মুখ্যমন্ত্রীর শিবির মনে করছে, অসন্তুষ্ট কর্মীদের ফিরিয়ে আনা এবং সংগঠনের বিভেদ মেটানোর জন্য অমিত শাহই সবচেয়ে উপযুক্ত। রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে, দু’জনেই অমিত শাহের অনুগত বলে পরিচিত। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করতে 'শাহী-চাল'-এ কিস্তি মাৎ করতে চাইছে যোগী শিবির।
বিজেপির দলীয় সূত্র জানাচ্ছে, অভ্যন্তরীণ সমীক্ষায় ইঙ্গিত, উত্তর প্রদেশে টানা তৃতীয় বার জেতা বিজেপির পক্ষে কঠিন হবে। ৪০৩ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ২০২। এক নেতার কথায়, দল ও তার মিত্ররা সেই সংখ্যার কাছে পৌঁছতেই হিমশিম খেতে পারে। যোগীর ব্যক্তিগত জনপ্রিয়তা এবার পড়তির দিকে। পাশাপাশি যোগী প্রশাসন একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে। যা জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে বলেও মনে করেছেন। আর সেই ড্যামেজ কন্ট্রোলেই অমিত শাহের ওপর ভরসা রাখতে চাইছে গেরুয়া শিবির।
উচ্চবর্ণের একাংশের মধ্যে ইউজিসি-র সমতা বিষয়ক নির্দেশিকা এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের কথিত অপব্যবহার নিয়ে চাপা ক্ষোভের কথা বলছেন দলের নেতারাই। আদিত্যনাথ সরকার রাজপুতদের পক্ষপাতিত্ব করছে, এই ধারণা জোরালো হওয়ায় অনগ্রসর জাতি ও ব্রাহ্মণদের মধ্যেও অসন্তোষের আশঙ্কা। এ নিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছে, নির্দেশিকাগুলি পুনঃপরীক্ষায় একটি বিশেষ কমিটি গঠন করা হবে।
গত মাসে মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীর দুটি এমএলসি আসনেই সমাজবাদী পার্টির কাছে হেরেছে বিজেপি। বিজেপির এক প্রবীণ নেতার মতে, জাতীয় উচ্চাকাঙ্ক্ষা পূরণে যোগীকে জিততে হবে, আর রাজনৈতিক প্রভাব ফিরে পেতে ও বিরোধীদের ‘ভোট চুরি’-র প্রচার ভোঁতা করতে মোদী-শাহ জুটির প্রয়োজন নির্ণায়ক জয়। মোদী-পরবর্তী নেতৃত্বের দৌড়ে দুই নেতাকে প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও ওই নেতার কথায়, উত্তরাধিকারের লড়াই অপেক্ষা করতে পারে।