
আগ্রার তাজমহলে প্রতিদিনই দেশ-বিদেশের পর্যটকদের ভিড় জমে। তবে এবার এক বিশেষ অতিথির উপস্থিতিতে পর্যটকদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা গেল। জাপানের প্রাক্তন পেশাদার সুমো কুস্তিগির ও অভিনেতা ইয়োশিনোরি তাশিরোকে দেখে অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার জন্য এগিয়ে আসেন। প্রায় ১৮০ কেজি ওজনের এই অভিনেতা তাজমহল চত্বরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠেন। সুমো কুস্তিগির হিসেবে পরিচিতি পাওয়ার পর অভিনয়ের জগতেও নিজের জায়গা তৈরি করেছেন ইয়োশিনোরি তাশিরো। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হলিউডের অ্যাকশন ছবি John Wick: Chapter 4 এবং চিনা ছবি Detective Chinatown 3। ভারতের ছবি SUMO-র সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
১৯৭৬ সালের ১৩ জুলাই জাপানের টোকিও মহানগর এলাকার হাচিওজিতে জন্ম তাশিরোর। ১৯৯৯ সালের জানুয়ারিতে পেশাদার সুমো কুস্তিতে তাঁর অভিষেক হয়। তিনি ‘তোওয়োইয়ামা কাতসুনোরি’ নামেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০০৭ সালের সেপ্টেম্বরে পেশাদার কুস্তি থেকে অবসর নেন তিনি। এরপর বিজ্ঞাপন, টেলিভিশন অনুষ্ঠান এবং চলচ্চিত্রে কাজ শুরু করেন।
তাশিরোর আগ্রা সফর শুধুমাত্র তাজমহল দর্শনের জন্য ছিল না। জাপানের একটি টেলিভিশন অনুষ্ঠান ‘Operation: Drain All the Water from the Pond’-এর এশিয়া সংস্করণের শুটিংয়ের জন্যও দলের ভারতে আসার কথা জানা গিয়েছে। তাজমহলের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, সেখানে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছিল। কাজ শেষ হওয়ার পর তাশিরো তাজমহল চত্বর ছেড়ে চলে যান।