
Bangladesh Lord Ram Statue: মৌলবাদীদের হুমকিতে মাথা নত করল তারিক রহমান (Tarique Rahman) সরকার। বাংলাদেশের রংপুর ডিভিশনের গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মধ্যরামচন্দ্রপুর গ্রামে বিশ্বের বৃহত্তম রাম মূর্তি তৈরির কাজ স্থগিত হয়ে গেল। এই রাম মূর্তি তৈরির কাজ শুরু করেছিল শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কর্তৃপক্ষ। বাংলাদেশের মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা খরচ করে সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক বৃহৎ কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়। ৮১ ফুট উচ্চতার রাম মূর্তির পাশাপাশি প্রায় ৫০ ফুট উচ্চতার কৃষ্ণ (Lord Krishna) মূর্তি এবং ৩০ ফুট উচ্চতার শিব (Lord Shiva) মূর্তি তৈরির কাজ শুরু হয়। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের নিজস্ব ধর্মের দেবতাদের মূর্তি তৈরির বিরুদ্ধে পথে নামে মৌলবাদীরা। এরপরেই রাম মূর্তি তৈরির কাজ স্থগিত হয়ে গেল।
শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত জানিয়েছেন, 'সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মন্দির কমিটি আপাতত রাম মূর্তি স্থাপনের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সমালোচনার মধ্য থাকতে চাই না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হোক, আমরা সেটাও চাইব না। এ দেশে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে। তবে কোনও কিছু করতে হলে ধর্মের প্রতিই সম্মান রেখেই করতে হবে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এ নীতিতে আমরা সবাই বিশ্বাসী।' কিন্তু বাংলাদেশ যদি সবার হয়, তাহলে হিন্দুরা কেন দেব মূর্তি তৈরি করতে পারবেন না, সেই প্রশ্ন উঠছে।
বাংলাদেশে রাম মূর্তি তৈরির কাজ শুরু হতেই সাংবাদিক বৈঠক করে অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলে মৌলবাদীরা। তারা মিছিলও করে। বাংলাদেশ সরকার সংখ্যালঘু হিন্দুদের পাশে না দাঁড়িয়ে মৌলবাদীদের দাবিই মেনে নিয়েছে। এর ফলে বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার আরও খর্ব হবে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।