Israel Politics: খসড়া আইন নিয়ে সুর নরম লিবারম্যানের, হাত মেলাবেন কট্টরপন্থীদের সঙ্গে

Saborni Mitra   | ANI
Published : Nov 06, 2026, 06:03 PM IST
Yisrael Beytenu chairman Avigdor Liberman (Photo/@AvigdorLiberman)

সংক্ষিপ্ত

ইজরায়েলে সরকার গড়ার জট কাটাতে এবার সুর নরম করলেন ইজরায়েল বেইতেইনু নেতা আভিগডর লিবারম্যান। গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গড়তে কট্টরপন্থী ইহুদি দলগুলোর সঙ্গে খসড়া আইন নিয়ে আপস করতে রাজি তিনি।

ইজরায়েলে সরকার গড়ার ক্ষেত্রে এবার বড়সড় ছাড় দিতে রাজি হলেন 'ইজরায়েল বেইতেইনু' দলের নেতা আভিগডর লিবারম্যান। শুক্রবার তিনি জানান, 'যাশার' দলের নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গড়তে তিনি নিজের অবস্থান থেকে কিছুটা সরে আসতে প্রস্তুত। বিশেষ করে হারেদি (কট্টরপন্থী অর্থোডক্স) আইডিএফ খসড়া আইন নিয়ে তিনি আপস করতে রাজি।
এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টে লিবারম্যান লেখেন, "অন্যান্য সব বিষয়ে একটু নমনীয় হওয়া বা আপস করাটা দরকার। কারণ একসঙ্গে অনেক কিছু পেতে গেলে কিছুই পাওয়া যায় না। খসড়া আইনের বিষয়টিও এর মধ্যেই পড়ে। বিষয়টা আমার কাছে কষ্টের, জানি আরও অনেকের কাছেই এটা কষ্টের। কিন্তু আজ আমরা যে ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছি, তাতে ইজরায়েল রাষ্ট্র এবং এখানকার মানুষের জাতীয় স্বার্থ সবার আগে।"
এর পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আইজেনকোটের সঙ্গে রোটেশনাল বা পর্যায়ক্রমিক প্রধানমন্ত্রী হওয়ার কোনও ইচ্ছে তাঁর নেই। তাঁর মতে, এই রোটেশন পদ্ধতি "রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ক্ষতি করে।"
তিনি আরও বলেন, "গত কয়েকদিন ধরে রোটেশন নিয়ে যে কথা ছড়াচ্ছে, তা একেবারেই মিথ্যে। আমি এই নিয়ে কারও সঙ্গে কোনও কথা বলিনি। আমি মনে করি, শামির এবং পেরেজের আমল থেকে আজ পর্যন্ত এই রোটেশন পদ্ধতিটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এটাকে এবার বাতিল করা উচিত। যিনি সরকার গড়বেন, পুরো মেয়াদের জন্য তাঁর হাতেই সব ক্ষমতা থাকা উচিত।"
'রা'আম' দল (৮টি আসন) এবং 'জয়েন্ট লিস্ট' (১১টি আসন) আইজেনকোটকে সমর্থন করার পর লিবারম্যান জানান, আরব দলগুলোকে বাদ দিয়েই সংখ্যাগরিষ্ঠ সরকার গড়ার চেষ্টা করতে হবে।
এক্স পোস্টে তিনি লেখেন, "জয়েন্ট লিস্ট এবং রা'আম-কে বাদ দিয়ে ৬১ জন নেসেট (Knesset) সদস্যকে নিয়ে জোট গড়ার সবরকম চেষ্টা আমাদের করতে হবে। সরকার গড়ার পর লিকুদ পার্টি থেকে আরও তিন-চারজন সদস্যকে হয়তো টানা যাবে। ইজরায়েল এবং ইহুদিদের স্বার্থে এটাই একমাত্র সঠিক কৌশল। আগামী ৪ বছরের জন্য একটা স্থায়ী সরকার গড়তে এটাই সঠিক পথ।"
এর আগে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে নির্বাচন-পরবর্তী আলোচনার পর 'যাশার' দলের নেতা গাদি আইজেনকোট ইজরায়েলে একটি "জাতীয় জরুরি সরকার" গড়ার কথা জানিয়েছিলেন। আরব-নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট তাঁকে সর্বসম্মতভাবে সমর্থন করার পর তিনি সংখ্যাগরিষ্ঠতা পান।
গাদি আইজেনকোট মোট ৬৭টি আসনের সমর্থন পেয়েছেন। এর মধ্যে রয়েছে ইহুদি-নেতৃত্বাধীন বিরোধী জোটের ৪৮টি আসন (যাশার, টুগেদার, দ্য ডেমোক্র্যাটস, ইজরায়েল বেইতেইনু), রা'আম দলের ৮টি আসন এবং জয়েন্ট লিস্টের ১১টি আসন।
এক্স পোস্টে "চেঞ্জ অ্যান্ড রিপেয়ার" দলগুলোর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কথা ঘোষণা করে আইজেনকোট জানান, প্রধানমন্ত্রীর পদে বসার জন্য "রাস্তা এখনও অনেক লম্বা"।
দ্য টাইমস অফ ইজরায়েলের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেলেও, তাঁর সমর্থনের সংখ্যা কমে ৪৬-এ দাঁড়িয়েছে। কারণ তাঁদের পুরনো শরিক 'ইউনাইটেড তোরাহ জুদাইজম' (UTJ) এবার কাউকেই সমর্থন করেনি। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পর্যটকের ছদ্মবেশে সমুদ্রে জঙ্গি প্রশিক্ষণ লস্কর-ই-তইবার! পাকিস্তানের চরনা দ্বীপে হচ্ছেটা কী?
Paraguay Political Crisis: জনতার তুমুল ক্ষোভের মুখে পদত্যাগ প্যারাগুয়ের রাষ্ট্রপতি পেনিয়ার, ব্যাঙ্ক দেউলিয়া কাণ্ডে হারালেন গদি