
Pakistan News: পাকিস্তানে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) মূল্যবৃদ্ধিকে সমর্থন করে সরকারের (Pakistan Government) পাশে থাকার বার্তা দিলেন ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। তিনি এক ভিডিও-বার্তায় বলেছেন, ‘অভিবাদন বন্ধুরা, আমি শাহিদ আফ্রিদি। যুদ্ধের কারণে এখন বিশ্বজুড়ে জ্বালানির সঙ্কট তৈরি হয়েছে। পাকিস্তান এখনও অনেক দেশের চেয়েই ভালো অবস্থায় আছে। সরকারকে সমর্থন করা এবং সরকারের পাশে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন পাকিস্তানি হিসেবে সরকারের পদক্ষেপকে অনুসরণ করার চেষ্টা করা উচিত আমাদের। দেশের উন্নতির পথে যাতে কোনও বাধা না আসে, তার জন্যই সরকারের পদক্ষেপকে সমর্থন করা জরুরি।’ আফ্রিদির মতে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের (West Asia war) কারণেই জ্বালানির সঙ্কট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের নাগরিকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
বৃহস্পতিবার ফের জ্বালানির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এক মাসের মধ্যে দ্বিতীয়বার জ্বালানির দাম বাড়ানো হল। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় উত্তেজনা তৈরি হওয়ার ফলে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে গিয়েছে। বাজারে এর প্রভাব পড়ছে। পাকিস্তানে ডিজেলের দাম ৫৪.৯ শতাংশ বেড়ে গিয়েছে। এখন এক লিটার ডিজেলের দাম পাকিস্তানি মুদ্রায় ৫২০.৩৫ টাকা। পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ বেড়ে গিয়েছে। এখন পাকিস্তানি মুদ্রায় এক লিটার পেট্রোলের দাম ৪৫৮.৪০ টাকা। শুক্রবার থেকেই নতুন দর কার্যকর হয়েছে। পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলি পারভেজ মালিক (Pakistan Petroleum Minister Ali Pervaiz Malik) বলেছেন, দাম বাড়ানো এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। কারণ, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বেড়ে গিয়েছে।
এখন পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League 2026) চলছে। এই লিগেও জ্বালানি-সঙ্কটের প্রভাব পড়েছে। শুধু করাচি (Karachi) ও লাহোরে (Lahore) ম্যাচ চলছে। উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজন করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। কিন্তু তা সত্ত্বেও সরকারের পাশে দাঁড়ালেন আফ্রিদি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।