
Tarique Rahman India Visit: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান আগামী সপ্তাহেই ভারত সফরে আসতে পারেন। তিনি ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে ভারত সফরে আসতে পারেন। দু'দেশের মধ্যে সফরের নির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা চলছে বলে বাংলাদেশের এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কূটনৈতিক সূত্র উল্লেখ করে জানানো হয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী, ১১ আগস্ট ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী (Indian High Commissioner to Bangladesh Dinesh Trivedi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করার পর এই সফর নিয়ে আলোচনা আরও গতি পেয়েছে। নয়াদিল্লির এক শীর্ষ কূটনৈতিক সূত্রের দাবি, দুই দেশই দ্বিপাক্ষিক সফরের বিষয়ে আগ্রহী ছিল। মূল সমস্যা ছিল সময় নির্ধারণ নিয়ে। বিভিন্ন সম্ভাব্য সময়সূচি খতিয়ে দেখে ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে একটি সময় নির্ধারণের কাছাকাছি পৌঁছেছে দুই দেশ।
তারিকের সম্ভাব্য ভারত সফর এমন এক সময়ে হতে চলেছে, যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) ঘিরে নয়াদিল্লি-ঢাকা সম্পর্কের টানাপোড়েন চলছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা এর আগে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, তাঁকে জেলে পাঠানো বা এমনকী হত্যা করা হলেও তিনি ভয়কে নিজের কর্তব্যের পথে বাধা হতে দেবেন না। সম্প্রতি তাঁর সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য নিয়েও নয়াদিল্লি ও ঢাকার মধ্যে দূরত্ব তৈরি হয়। বাংলাদেশ এ নিয়ে আপত্তি জানালেও ভারত স্পষ্ট করে জানিয়েছিল, অনুষ্ঠানটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজন করেছিল।
এদিকে, শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দু'দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বের মূল ভিত্তি পারস্পরিক সদিচ্ছা ও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ। একই সঙ্গে বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও দুই দেশ সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তারিকের সম্ভাব্য সফর তাই শুধু একটি দ্বিপাক্ষিক সফর নয়, হাসিনা-পরবর্তী সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। তবে সফরের চূড়ান্ত তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।