Lahore Roti Crisis: পাকিস্তানের লাহোরে আটা এবং এলপিজির দাম বৃদ্ধির কারণে আগামী ৪ ডিসেম্বর থেকে রুটি সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা রুটির দাম বাড়ানোর দাবি জানিয়েছেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Lahore Roti Crisis: আগামী ৪ ডিসেম্বর থেকে লাহোর জুড়ে রুটি সরবরাহ ব্যাহত হতে পারে। ডন-এর খবর অনুযায়ী, আটার দাম বৃদ্ধি, এলপিজি-র (LPG) খরচ বেড়ে যাওয়া এবং প্রশাসনের ধরপাকড়ের কারণে স্থানীয় খাবার বিক্রেতারা প্রতিবাদ শুরু করেছেন।
ডন জানিয়েছে, মুত্তাহিদা নান রুটি অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে, পঞ্জাব সরকার তাদের দাবি না মানলে ৪ ডিসেম্বর থেকে শহরের সব রুটির দোকান বন্ধ রাখা হবে।

খাদ্যসংকটের মুখে পাকিস্তানের জনগণ

সম্প্রতি পঞ্জাব এনফোর্সমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (পেরা) ফোর্স ভর্তুকিযুক্ত আটা ব্যবহারের অভিযোগে বেশ কিছু দোকানে অভিযান চালানোর পর এই ঘোষণা দেওয়া হয়। ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, অনুমতি ছাড়া ভর্তুকিযুক্ত আটা মজুত বা ব্যবহারের অভিযোগে প্রশাসন আটটি দোকান সিল করে দিয়েছে। এর প্রতিবাদে অ্যাসোসিয়েশনের সদস্যরা ডেপুটি কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখান এবং ভর্তুকিযুক্ত আটা পাওয়ার দাবি জানান।
অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব গিল ডন-কে জানিয়েছেন, আগে ১১০০ টাকায় ১০ কেজির আটার বস্তা কিনে তারা ১৭ টাকায় সাধারণ রুটি বিক্রি করতেন। কিন্তু সরকার আটার বস্তার দাম ১২৭৫ টাকা করায় তাদের আর্থিক চাপ বেড়েছে।


গিল এলপিজির দাম বৃদ্ধি এবং গ্যাসের ঘাটতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই অবস্থায় বর্তমান দামে রুটি বিক্রি করা বিক্রেতাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। ৪ ডিসেম্বরের মধ্যে সরকারকে তাদের দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লাহোরে প্রায় ১৫,০০০ রুটির দোকান রয়েছে এবং প্রতিদিন ৮০ কেজির ১৫,০০০ বস্তা আটার প্রয়োজন হয়। অ্যাসোসিয়েশন লাহোরের ডেপুটি কমিশনারের কাছে রুটির দাম বাড়িয়ে ৩০ টাকা করার জন্য লিখিত আবেদন জানিয়েছে।
এই পরিস্থিতি পাকিস্তানের ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কটেরই একটা প্রতিচ্ছবি, যেখানে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চরম বিপাকে ফেলেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।