Typhoon Dujuan Japan: এশিয়াডের মাঝে জাপানে আছড়ে পড়বে শক্তিশালী টাইফুন! প্রবল বৃষ্টিতে জলের তলায় টোকিও, বন্ধ বুলেট ট্রেনও

Published : Sep 21, 2026, 03:32 PM IST
Typhoon Dujuan Japan

সংক্ষিপ্ত

Typhoon Dujuan Japan: জাপানের আইচি ও নাগোয়া শহরে এখন চলছে এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট এশিয়ান গেমস। তারই মাঝে জাপানের রাজধানী সহ বেশ কয়েকটি প্রদেশে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন। আজ রাতেই জাপানে আছড়ে পড়ার কথা 'টাইফুন দুজুয়ান'-এর।

Typhoon Dujuan Hits Japan: জাপানের আইচি ও নাগোয়া শহরে এখন চলছে এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট এশিয়ান গেমস। তারই মাঝে জাপানের রাজধানী সহ বেশ কয়েকটি প্রদেশে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন। আজ রাতেই জাপানে আছড়ে পড়ার কথা 'টাইফুন দুজুয়ান'-এর। সেই টাইফুনের প্রভাবে ইতিমধ্যেই টোকিও সহ বেশ কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে। জলের তলায় চলে গিয়েছে রাজধানী টোকিও-র বেশিরভাগ রাস্তা। আবহাওয়া দফতর জানিয়েছে, জাপানের পূর্বাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে একটি শক্তিশালী টাইফুন। ইজু দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলে ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কবার্তা (লেভেল ৫) জারি করা হয়েছে।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির (জেএমএ) জানিয়েছে, সোমবার সন্ধ্যার পর থেকে গভীর রাতের মধ্যে 'টাইফুন দুজুয়ান' টোকিওর পূর্বাঞ্চলের চিবা প্রশাসনিক অঞ্চলের বোসো উপদ্বীপের কাছাকাছি এলাকা অতিক্রম করতে পারে। রাজধানী টোকিওসহ কানতো-কোশিন অঞ্চল এবং মধ্য জাপানের তোকাই অঞ্চলেও প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

দেখুন ভিডিও

ট্রেন ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত

ঝড়ের কারণে দেশজুড়ে যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটছে। টানা পাঁচদিনের সরকারি ছুটির মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রধান মহাসড়কের অংশবিশেষ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, ট্রেন পরিচালনাকারী সংস্থা জেআর সেন্ট্রাল জানিয়েছে, টোকিও ও ওসাকার মধ্যে সংযোগকারী 'তোকাইদো শিনকানসেন' বুলেট ট্রেন পরিষেবা সোমবার দুপুর থেকে বিলম্বিত বা বাতিল হতে পারে।

দেখুন ভিডিও

বাতিল শতাধিক বিমান

টাইফুনের প্রভাবে সোমবার জাপানে অন্তত ২৭৫টি বিমান বাতিল হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে একাধিক দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হওয়ায় হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েছেন। আবহাওয়ার পরিস্থিতি খারাপ হলে আরও বিমান বাতিল হতে পারে। শক্তিশালী এই ঝড় ধীরে ধীরে টোকিওর দিকে এগিয়ে আসছে। বাসিন্দাদের সতর্ক থাকতে এবং বন্যা ও যাতায়াতে সমস্যার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ঝড়ের গতিপথ ও আবহাওয়ার বর্তমান অবস্থা

সোমবার দুপুর নাগাদ হাচিজো দ্বীপ থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল এই বছরের ২৫তম টাইফুন 'দুজুয়ান'। এটি ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

দেখুন ছবিতে

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী:

কেন্দ্রীয় বায়ুমণ্ডলীয় চাপ: ৯৬০ হেক্টোফ্যাসকেল

বাতাসের সর্বোচ্চ গতিবেগ: ঘণ্টায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত (দমকা হাওয়া)

সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি

রাজধানী টোকিও থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ইজু দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ ইজু ওশিমায় ভূমিধসের আশঙ্কায় সবচেয়ে কঠোর 'লেভেল ৫'জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই এলাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন। আগামী মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় তোকাই, কানতো অঞ্চল এবং ইজু দ্বীপপুঞ্জে ২৫০ মিলিমিটার এবং উত্তর-পূর্ব জাপানের তোহোকু অঞ্চলে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Navy: 'অ্যাক্ট ইস্ট পলিসি'র বাস্তবায়ন, ফিলিপাইনসে পৌঁছল ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ
Trump-Zelenskyy Meeting: এবার কি ট্রাম্প পারবেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে? বৈঠকে বসছেন জেলেনস্কির সঙ্গে