
ওয়াশিংটন: আমেরিকা মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করল। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি এখন বেশ জটিল। তাই সবাইকে চরম সতর্ক থাকতে বলা হয়েছে। সৌদি আরব ও হুথিদের মধ্যে চলা সংঘাতের কারণে সৌদি এবং ইয়েমেনের আকাশপথে আগে থেকেই সতর্কতা ছিল। এবার আমেরিকা গোটা মধ্যপ্রাচ্য জুড়েই নাগরিকদের সাবধানে পা ফেলতে বলল। এর জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বিমান বাতিল হতে পারে, ব্যাহত হতে পারে যাতায়াত। ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো আমেরিকার সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানি ও সংস্থার ওপর হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি নতুন করে যুদ্ধের জল্পনা উসকে দিয়েছে। ইরানও পালটা হুমকি দিয়ে রেখেছে। তারা সাফ জানিয়েছে, তাদের ওপর কেউ হামলা চালালে সেই দেশ স্রেফ মরুভূমিতে পরিণত হবে।
এরই মধ্যে ইরানের পার্লামেন্টের স্পিকার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং এআই (AI) কোম্পানিগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুক্ত কোনো এআই কোম্পানিকে যেন জমি, বিদ্যুৎ বা আর্থিক সাহায্য দেওয়া না হয়। এই নির্দেশ অমান্য করলে তার ফল ভুগতে হবে বলেও তিনি সতর্ক করেছেন। এম বি গালিবফ জানিয়েছেন, ইরানের নেতৃত্বে খুব শিগগিরই 'পার্সিয়ান গালফ ডেটা অথরিটি' তৈরি করা হবে। ইরান আগে থেকেই অভিযোগ করে আসছে, যুদ্ধে এআই কোম্পানিগুলোর হাত রয়েছে। পাশাপাশি, ইরানের সেনাবাহিনী হরমুজ প্রণালীতে আরও বেশ কয়েকটি জাহাজ ধ্বংস করার দাবি করেছে।