
স্থূলতা ও অতিরিক্ত ওজন দেহে একাধিক সমস্যা ডেকে আনে। মেদ জমতে শুরু করা মানে গোটা শরীরেই যে মেদ জমবে এমনটা কিন্তু নয়। কার কোথায় মেদ জমবে, তা নির্ভর করে ওই ব্যক্তির দেহের গঠন এবং পারিবারিক ধারার উপর।
কারও মুখে মেদ জমে, তো কারও পেটে। কারও কারও ক্ষেত্রে আবার দেখা যায় কাঁধ ও হাতের বিভিন্ন অংশে অতিরিক্ত মেদ জমতে।
হাত উপরের দিকে তুলতে গেলেই তলা থেকে অতিরিক্ত মাংস ঝুলে থাকে। হাতকাটা বাহারি পোশাক পরতে তখন আত্মবিশ্বাসের অভাব বোধ করেন অনেকে। যাঁরা এই অঞ্চলের মেদ ঝরিয়ে ফেলতে চাইছেন, তাঁদের জন্য রইল সহজ কিছু সমাধান।
* ডিম খান: মেদ ঝরানো এবং টান টান চেহারা পেতে প্রোটিন খুব জরুরি। অতিরিক্ত চর্বি কমাতে হলে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে প্রোটিনে জোর দিতে বলেন পুষ্টিবিদেরা। সেই তালিকায় রাখুন ডিম। শুধু প্রোটিন নয়, স্বাস্থ্যকর ফ্যাট এবং খনিজে পূর্ণ ডিম। সামগ্রিক ভাবে শরীর ভাল রাখতে এবং প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণে ডিম খাওয়া জরুরি। দিনে এক থেকে দু’টি ডিম খাওয়া যেতে পারে। তবে ভেজে বা ঝোলে নয়, উপকার পেতে খেতে হবে সেদ্ধ করে।
* কাবলিছোলা খান : দৈনন্দিন খাদ্যতালিকায় জুড়তে পারেন কাবলি ছোলা। এক কাপ কাবলি ছোলায় ১৫ গ্রাম প্রোটিন মেলে। এতে থাকে আয়রন এবং ম্যাগনেশিয়াম। পেশির জোর বৃদ্ধিতে প্রোটিন জাতীয় খাবারের মধ্যে রাখতে পারেন এটিও। কাবলিছোলা সেদ্ধ করে, পেঁয়াজ, শসা, টম্যাটো দিয়ে স্যালাড বানিয়ে নিন।
* কাঠবাদাম খান: মেদ ঝরাতে এবং টানটান চেহারা পেতে প্রোটিনের পাশাপাশি স্বাস্থ্যকর ফ্যাটও জরুরি। ফ্যাট একেবারে বাদ দিলে ত্বকের জেল্লা চলে যাবে। তা ছাড়া, অন্যান্য উপাদানের মতো স্বাস্থ্যকর ফ্যাটও শরীরের জন্য খুব জরুরি। এতে মেলে ম্যাগনেশিয়াম। শরীরচর্চার সময় শক্তি জোগানোর জন্য ম্যাগনেশিয়াম জরুরি।স্নায়ুতন্ত্রের উপরেও এই খনিজটি প্রভাব ফেলে।
* ফ্যাট ছাড়া প্রোটিন: মুরগির মাংসে উচ্চ মাত্রায় প্রোটিন থাকে। এতে ফ্যাটের পরিমাণও বেশ কম। ফলে সুন্দর স্বাস্থ্য পেতে চাইলে খাদ্যতালিকায় মুরগির মাংস রাখা জরুরি। এতে মেলে জ়িঙ্ক-সহ নানা খনিজ। শরীরচর্চার পরে পেশির ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য এই সমস্ত উপকরণ জরুরি।
* পালংশাক: পালংশাক শুধু ফাইবার, ভিটামিনে ভরপুর নয়, এতে থাকে আয়রন এবং নাইট্রেটস। পেশি গঠনে এই দুই উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তা ছাড়া ফাইবার, ভিটামিনে পরিপূর্ণ শাকটি সামগ্রিক ভাবে স্বাস্থ্যের খেয়াল রাখে।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News