Bamboo: গাছ বড় হতে সাধারণত মাস বা বছর লেগে যায়। কিন্তু এমন একটি উদ্ভিদ রয়েছে যা কয়েক ঘণ্টার মধ্যেই অনেকটা বেড়ে যায়। অবাক লাগলেও এটাই সত্যি। এত দ্রুত বেড়ে ওঠা এই উদ্ভিদটি আসলে গাছই নয়! এটি পৃথিবীর বৃহত্তম ঘাস প্রজাতির অন্তর্গত।
আমরা জানি গাছ বড় হতে সাধারণত মাস বা বছর লেগে যায়। কিন্তু এমন একটি উদ্ভিদ রয়েছে যা কয়েক দিনের বদলে কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক ফুট পর্যন্ত বেড়ে যায়। সেটি হল বাঁশ (Bamboo)। কিছু নির্দিষ্ট প্রজাতির বাঁশ ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ৩ ফুট পর্যন্ত বাড়তে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হল, এত বিশাল ও উঁচু হলেও বাঁশ আসলে কোনো গাছ নয়। এটি পৃথিবীর বৃহত্তম ঘাস প্রজাতির অন্তর্গত। বাড়ি তৈরির কাজ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কাজে ব্যবহৃত এই বাঁশ সম্পর্কে এমন অনেক অজানা ও আকর্ষণীয় তথ্য রয়েছে, চলুন সেগুলো জেনে নিই।
25
গাছ নয়, এটি আসলে ঘাস প্রজাতি!
বাঁশ দেখলে অনেকেরই এটিকে বড় গাছ বলে মনে হয়। কিন্তু উদ্ভিদবিজ্ঞানীদের মতে, এটি আসলে ঘাস পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ। এটি Poaceae পরিবারের Bambusoideae উপপরিবারের অন্তর্গত। সারা বিশ্বে বাঁশের ১০০০-এরও বেশি প্রজাতি রয়েছে। কিছু প্রজাতি ছোট ঝোপের মতো হয়, আবার কিছু কিছু প্রজাতি ৩০ থেকে ৪০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তাই বাঁশকে বিশ্বের বৃহত্তম ঘাস প্রজাতি হিসাবে ধরা হয়।
দিনে প্রায় ৩ ফুট পর্যন্ত বাড়ে!
বাঁশ গাছের সবচেয়ে অবাক করা বিষয় হল এর বৃদ্ধির হার। কিছু প্রজাতির বাঁশ দিনে ৯০ সেন্টিমিটারের বেশি বাড়তে পারে। মোসো বাঁশের (Moso Bamboo) ক্ষেত্রে গবেষকরা দেখেছেন যে এটি দিনে ১১৪.৫ সেন্টিমিটার পর্যন্ত বাড়ে। অর্থাৎ, উপযুক্ত পরিবেশে এটি দিনে প্রায় ৩ ফুটেরও বেশি বাড়তে পারে। তবে সব প্রজাতির বাঁশ এত দ্রুত বাড়ে না। মাটি থেকে সদ্য গজানো বাঁশের কান্ড অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত জল ও পুষ্টি পেলে দ্রুত বৃদ্ধি পায়। মাটি ফুঁড়ে বেরোনোর কয়েক সপ্তাহের মধ্যেই বাঁশের কান্ড অনেকটা বড় হয়ে যায়।
35
ইস্পাতের মতো শক্তপোক্ত
বাঁশ দেখতে হালকা ও পাতলা মনে হলেও, এটি ভীষণ শক্ত। ওজনের সাথে তুলনা করলে বাঁশের কান্ডের টানার ক্ষমতা (Tensile Strength) অসাধারণ। কিছু প্রজাতির বাঁশের আঁশ ওজনের অনুপাতে ইস্পাতের মতোই শক্ত হতে পারে। আর এই কারণেই নির্মাণ শিল্পে বাঁশের এত কদর। ঘরবাড়ি তৈরি, কাঠামো (Scaffolding), আসবাবপত্র এবং মেঝে তৈরিতে বাঁশের ব্যবহার দেখা যায়। তবে সব প্রজাতির বাঁশ সমান শক্ত হয় না। নির্মাণকাজে ব্যবহারের আগে সেগুলোকে সঠিকভাবে শুকানো এবং রাসায়নিক দিয়ে শোধন করা জরুরি।
সাধারণ গাছের চেয়ে বেশি অক্সিজেন দেয় কি?
পরিবেশ রক্ষায় বাঁশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্রুত বৃদ্ধি পাওয়ার ক্ষমতার কারণে এটি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। কিছু গবেষণায় দেখা গিয়েছে যে বাঁশ বাগান প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করতে পারে। তবে কতটা অক্সিজেন তৈরি হবে তা নির্ভর করে বাঁশের প্রজাতি, বয়স, বৃদ্ধির হার এবং এলাকার উপর।
বাঁশের সবচেয়ে অদ্ভুত বিষয় হল এর ফুল ফোটার ধরন। সাধারণত বেশিরভাগ গাছে প্রতি বছর বা কয়েক মাস পরপর ফুল ফোটে। কিন্তু কিছু প্রজাতির বাঁশে ফুল ফোটে দশকের পর দশক পার হওয়ার পর। কিছু প্রজাতির ক্ষেত্রে এই সময়কাল ৬০ থেকে ১৩০ বছর পর্যন্ত হতে পারে। আবার কিছু প্রজাতির বাঁশে একসঙ্গে প্রচুর পরিমাণে ফুল ফোটে। একে গ্রেগেরিয়াস ফ্লাওয়ারিং (Gregarious Flowering) বলা হয়। একই প্রজাতির বাঁশ গাছ আলাদা আলাদা জায়গায় থাকলেও একই সময়ে ফুল ফোটানো এদের অন্যতম বৈশিষ্ট্য। ফুল ফোটা ও বীজ উৎপাদনের পর কিছু প্রজাতির বাঁশ গাছ মারা যায়। তবে সব প্রজাতির ক্ষেত্রে এমনটা ঘটে না। বাঁশে ফুল ফোটার সময় এবং তারপর গাছ মারা যাবে কি না, তা নির্ভর করে বাঁশের প্রজাতির উপর।
55
বাঁশের বহুবিধ ব্যবহার সম্পর্কে জানেন কি?
বাঁশের ব্যবহার শুধু নির্মাণ শিল্পেই সীমাবদ্ধ নেই। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বহু জিনিস তৈরিতেও বাঁশের ব্যবহার রয়েছে। ঝুড়ি, মাদুর, আসবাবপত্র, কাগজ, কাপড় এবং ঘর সাজানোর নানা জিনিস তৈরিতে বাঁশ ব্যবহার করা হয়। কিছু কিছু জায়গায় বাঁশের কড়ুল খাওয়ার চলও রয়েছে। খুব কম সময়ে দ্রুত বেড়ে ওঠার ক্ষমতা থাকায় বাঁশকে একটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ (Renewable Resource) হিসেবে গণ্য করা হয়। কাঠের বিকল্প হিসেবে এটি ব্যবহৃত হয়। মাটির ক্ষয় রোধ করা এবং কার্বন সঞ্চয় করে রাখার মতো বৈশিষ্ট্যের জন্য এর গুরুত্ব দিন দিন বাড়ছে।
সব মিলিয়ে, বাইরে থেকে দেখতে সাধারণ একটি উদ্ভিদ মনে হলেও বাঁশের পিছনে লুকিয়ে রয়েছে অনেক বিস্ময়কর তথ্য। আর তাই বাঁশকে প্রকৃতির দেওয়া অন্যতম সেরা সম্পদ বলা যেতে পারে।