ছটপুজো মানেই মুচমুচে ঠেকুয়া! দোকানের মতো খাস্তা ঠেকুয়া বানাবেন কীভাবে? রইল সহজ রেসিপি

Published : Nov 12, 2026, 10:58 AM IST
Bihar Special Thekua

সংক্ষিপ্ত

জিভে জল আনা ছটপুজো স্পেশাল ঠেকুয়া এবার বাড়িতেই বানিয়ে ফেলুন। বিহার-ঝাড়খণ্ডের এই ঐতিহ্যবাহী প্রসাদ এখন বাংলার ঘরেও সমান জনপ্রিয়। মুচমুচে, খাস্তা আর গুড়-নারকেলের গন্ধে ভরপুর ঠেকুয়ার সহজ রেসিপি রইল এখানে।

ছটপুজো মানেই সূর্যের আরাধনা আর সঙ্গে মুচমুচে ঠেকুয়ার গন্ধ। বাইরে থেকে কিনে না এনে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো খাস্তা ঠেকুয়া। রেসিপি খুবই সহজ, শুধু মাপটা ঠিক রাখতে হবে।

উপকরণ:

- ১ কেজি ময়দা (আপনি চাইলে ৫০০ গ্রাম ময়দা + ৫০০ গ্রাম আটা মিশিয়েও করতে পারেন, আরও খাস্তা হবে) - ৫০০ গ্রাম সাদা তেল (ময়ানের জন্য ১৫০ গ্রাম + ভাজার জন্য বাকিটা) - ১/২ টা নারকেল কুড়িয়ে নেওয়া - ১০০ গ্রাম বাদাম গুঁড়ো করা (ঐচ্ছিক) - ১ কাপ সুজি হালকা ভেজে নেওয়া - ১ টেবিল চামচ এলাচ আর গোলমরিচ গুঁড়ো - ৪০০ গ্রাম চিনি গুঁড়ো করা (গুড় দিয়ে করলে স্বাদ আরও ভালো হবে, ৪০০ গ্রাম আখের গুড়) - পরিমাণ মতো জল (ঈষদুষ্ণ)

বানানোর পদ্ধতি:

প্রথম ধাপ - ময়ান তৈরি: একটি বড় গামলায় ময়দা, ভেজে রাখা সুজি, নারকেল কোরা, বাদাম গুঁড়ো, এলাচ-গোলমরিচ গুঁড়ো আর চিনি গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এবার ১৫০ গ্রাম সাদা তেল গরম করে মিশ্রণে দিয়ে ভালো করে ময়ান দিন। হাত দিয়ে মুঠো করলে যদি দলা পাকিয়ে যায়, বুঝবেন ময়ান পারফেক্ট।

দ্বিতীয় ধাপ - ডো মাখা: এবার অল্প অল্প করে ঈষদুষ্ণ জল দিয়ে শক্ত ডো মাখুন। রুটির ডো-র মতো নরম করবেন না, একটু শক্তই রাখবেন, তবেই ঠেকুয়া খাস্তা হবে। ২০ মিনিট ঢেকে রাখুন।

তৃতীয় ধাপ - আকার দেওয়া: ডো থেকে ছোট ছোট লেচি কেটে হাতের তালুতে চেপে ঠেকুয়ার আকার দিন। চাইলে কাঁটা চামচ বা ঠেকুয়া ছাঁচ দিয়ে ওপরে নকশা করে দিন, এতে ভিতর পর্যন্ত ভালো ভাজা হবে।

চতুর্থ ধাপ - ভাজা: কড়াইতে বাকি তেল গরম করুন। তেল মাঝারি গরম হলে (খুব বেশি গরম নয়) আঁচ কমিয়ে ঠেকুয়াগুলো ছাড়ুন। কম আঁচে সময় নিয়ে, উল্টেপাল্টে সোনালি-বাদামি করে ভাজুন। বেশি আঁচে ভাজলে ওপর থেকে পুড়ে যাবে, ভিতর কাঁচা থাকবে।

ব্যস, তৈরি আপনার ছটপুজো স্পেশাল খাস্তা ঠেকুয়া। ঠান্ডা হলে এয়ারটাইট কৌটোয় ভরে রাখুন, ১০-১২ দিন পর্যন্ত মুচমুচে থাকবে। চা-এর সঙ্গে বা প্রসাদ হিসেবে— জিভে লেগে থাকার মতো স্বাদ!

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

ছোটবেলায় টিকা নেওয়া হয়নি? চিন্তা নেই, বড় হয়েও নেওয়া যায়! কী বলছেন বিশেষজ্ঞরা?
Peace Lily Care: নভেম্বরে পিস লিলির যত্ন, শীতে ফুল ফোটাতে ৫টি টিপস