
*Head:*
সকালে ঘুম থেকে উঠে এক কাপ, বিকেলে কাজের ফাঁকে আরেক কাপ— বাঙালির লিকার চা ছাড়া চলেই না। অনেকেই মনে করেন, দুধ-চিনি ছাড়া এই কড়া লিকার চা খেলেই শরীরে জমে থাকা মেদ গলে যাবে। জিমে যাওয়ার আগেও অনেকে ব্ল্যাক টি খান। কিন্তু সত্যিই কি ব্ল্যাক টি মেদ গলাতে পারে?
পুষ্টিবিদরা বলছেন, কোনও চা-ই সরাসরি চর্বি গলিয়ে দিতে পারে না। মেদ কমার মূল সূত্র হল ক্যালোরি ডেফিসিট। তবে হ্যাঁ, ব্ল্যাক টি পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে।
ব্ল্যাক টিতে থাকে ক্যাফিন এবং থিয়াফ্ল্যাভিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ক্যাফিন আমাদের মেটাবলিজম রেট ৩-৪% পর্যন্ত বাড়িয়ে দেয়, ফলে শরীর বিশ্রামেও একটু বেশি ক্যালোরি পোড়ায়। আর দুধ-চিনি দেওয়া এক কাপ চায়ে যেখানে ৮০-১০০ ক্যালোরি থাকে, সেখানে চিনি ছাড়া ব্ল্যাক টিতে ক্যালোরি প্রায় ২-৩। ফলে সারাদিনে ক্যালোরি ইনটেক অনেকটা কমে।
এছাড়া ব্ল্যাক টি খিদে নিয়ন্ত্রণেও সাহায্য করে। বিকেলে যখন ফাস্ট ফুড খেতে ইচ্ছে করে, তখন এক কাপ লিকার চা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। এর মধ্যে থাকা পলিফেনল অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়ায়, যা হজম ভালো করে এবং পেট ফোলা কমায়।
তবে ভুল পদ্ধতিতে খেলে উল্টো ফল হতে পারে। খালি পেটে কড়া ব্ল্যাক টি খেলে অ্যাসিডিটি, বুক জ্বালা বাড়বে। দিনে ৪ কাপের বেশি খেলে ঘুমের সমস্যা, আয়রন শোষণে বাধা হতে পারে। চায়ের সঙ্গে বিস্কুট, চিনি মিশিয়ে খেলে ওজন কমার বদলে বাড়বে।
তাই শুধু ব্ল্যাক টি ভরসায় থাকবেন না। সঠিক ডায়েট, রোজ ৩০ মিনিট হাঁটা এবং ব্ল্যাক টিকে সঙ্গী করলে তবেই ফল পাবেন। ব্ল্যাক টি ম্যাজিক নয়, এটি ওজন কমানোর লড়াইয়ে আপনার সাপোর্ট সিস্টেম।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News