
Food News: বাঙালির রান্নায় হলুদ হল অপরিহার্য একটি উপাদান। মাছের ঝোল থেকে ডাল, সবকিছুতেই এক চিমটে হলুদ না পড়লে স্বাদ এবং রঙ কোনোটাই খোলে না। কিন্তু যে হলুদকে আমরা এত ভরসা করি, সেই হলুদই এখন সবচেয়ে বেশি ভেজালের কবলে। বাজারের খোলা বা প্যাকেটজাত হলুদ গুঁড়োতে রং আরও গাঢ় এবং আকর্ষণীয় দেখানোর জন্য মেশানো হচ্ছে মেটানিল ইয়েলো এবং লেড ক্রোমেটের মতো শিল্পে ব্যবহৃত বিষাক্ত রং।
এই ভেজাল চোখে দেখে বোঝা প্রায় অসম্ভব। কিন্তু প্রতিদিন অল্প অল্প করে এই রাসায়নিক শরীরে ঢুকে মারাত্মক ক্ষতি করছে। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধরে এই ধরনের ভেজাল হলুদ খেলে লিভার ও কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, পেটের আলসার হয় এবং শরীরে ক্যানসারের কোষ পর্যন্ত বাসা বাঁধতে পারে। তাই সামান্য সচেতনতাই আপনাকে এই বড় বিপদ থেকে বাঁচাতে পারে।
বাড়িতে খাঁটি হলুদ গুঁড়ো বানানোর সবচেয়ে ভালো সময় হল শীতকাল, যখন বাজারে প্রচুর কাঁচা হলুদ ওঠে। প্রথমে বাজার থেকে ১ কেজি মতো ভালো, মোটা এবং টাটকা কাঁচা হলুদ কিনে আনুন। হলুদগুলোকে ভালো করে জলে ধুয়ে গায়ের মাটি পরিষ্কার করে নিন। এরপর একটি বড় হাঁড়িতে জল ফুটিয়ে তার মধ্যে হলুদগুলো দিয়ে ১০ থেকে ১২ মিনিট ভাপিয়ে বা সেদ্ধ করে নিন। এই সেদ্ধ করার ফলে হলুদের কাঁচা গন্ধ চলে যাবে, রং গাঢ় হবে এবং পরে গুঁড়ো করলে তা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
সেদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে হলুদগুলোকে ঠান্ডা করে পাতলা পাতলা গোল করে কেটে নিন। এবার একটি থালা বা কুলোতে ছড়িয়ে টানা ৭ থেকে ১০ দিন কড়া রোদে শুকাতে দিন। হলুদ একদম মচমচে এবং ভঙ্গুর হয়ে গেলে বুঝবেন শুকানো সম্পূর্ণ হয়েছে। যাদের রোদে শুকানোর জায়গা নেই, তারা ওভেনে ৫০ ডিগ্রি তাপমাত্রায় ৩ থেকে ৪ ঘণ্টা শুকিয়ে নিতে পারেন।
শেষ ধাপে শুকনো হলুদগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিন। একবারে মিহি না হলে চালুনি দিয়ে চেলে বড় দানাগুলো আবার গুঁড়ো করে নিন। ব্যস, তৈরি হয়ে গেল আপনার খাঁটি, সুগন্ধি হলুদ গুঁড়ো। একটি শুকনো কাঁচের বয়ামে ভরে রাখলে সারা বছর এর রং এবং গন্ধ একই থাকবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News