
গার্লিক কোরিয়েন্ডার প্রনের সহজ রেসিপি। স্বাদ বদলানোর প্রয়োজন হলে তখন চেখে দেখতে পারেন চিংড়ির এক ভিন্ন স্বাদের ফিউশন পদ। রসুন, ধনেপাতার মতো উপকরণ দিয়ে এভাবে রাঁধুন চিংড়ি।
রোজ রোজ চিংড়ির মালাইকারি, ভাপা আর ঝাল খেয়ে মুখে চরা পড়ে গেছে? স্বাদ বদলাতে চান? তাহলে এবার বাঙালি স্টাইল ছেড়ে একটু কন্টিনেন্টাল ফিউশনে যান। বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে গার্লিক কোরিয়েন্ডার প্রন।
নামটা শুনে মনে হতে পারে অনেক কঠিন, কিন্তু বিশ্বাস করুন, হাতে সময় মাত্র ১৫ মিনিট থাকলেই এই পদটি বানানো যায়। ভাত নয়, এটি স্ন্যাকস বা স্টার্টার হিসাবে দারুণ, আবার ফ্রায়েড রাইস বা গার্লিক ব্রেডের সঙ্গেও জমে যাবে। রসুন আর ধনেপাতার গন্ধে এর স্বাদ হবে অসাধারণ।
- চিংড়ি- ১৫-২০ টি (মাঝারি সাইজ, খোসা ছাড়িয়ে পরিষ্কার করা, লেজটা রাখতে পারেন) - রসুন- ২৫-৩০ কোয়া (মিহি কুচি করা) - লঙ্কা বাটা- ২ চা চামচ (কাঁচালঙ্কা বা শুকনো লঙ্কা বাটা, ঝাল বুঝে) - গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ (টাটকা গুঁড়ো হলে ভালো) - অরিগ্যানো- ১ চা চামচ - এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল- ৫-৬ টেবিল চামচ (না থাকলে সাদা তেলও চলবে) - কুচোনো ধনেপাতা- ১ কাপ ভর্তি (ডাঁটি সমেত) - লেবুর রস- ২ টেবিল চামচ - নুন- স্বাদমতো
প্রথম ধাপ : চিংড়ি ম্যারিনেট চিংড়ি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তার মধ্যে নুন, ১ চা চামচ লঙ্কা বাটা, অর্ধেক গোলমরিচ গুঁড়ো ও ১ টেবিল চামচ লেবুর রস মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
দ্বিতীয় ধাপ : রসুন ভাজা একটি প্যানে অলিভ অয়েল গরম করুন। তেল গরম হলে কুচোনো রসুনগুলো দিয়ে দিন। একদম কম আঁচে ১ মিনিট ভাজুন। রসুন সোনালি হলেই সুন্দর গন্ধ বেরোবে, কিন্তু পুড়িয়ে ফেলবেন না, তাহলে তেতো হয়ে যাবে।
তৃতীয় ধাপ : চিংড়ি রান্না এবার ওই তেলেই ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে ২-৩ মিনিট ভাজুন। চিংড়ি গোলাপি হয়ে গেলে বাকি লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। চিংড়ি থেকে জল বেরোবে, সেই জলেই এটি সেদ্ধ হবে। বেশি সময় রান্না করবেন না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যাবে, রবারের মতো লাগবে।
চতুর্থ ধাপ : ফিনিশিং টাচ চিংড়ি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে এক মুঠো কুচোনো ধনেপাতা ও বাকি লেবুর রস ছড়িয়ে দিন। ভালো করে মিশিয়ে ৩০ সেকেন্ড পর গ্যাস বন্ধ করে দিন। ধনেপাতা বেশি সেদ্ধ করবেন না, তাহলে রঙ ও গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। ব্যস, তৈরি আপনার সুস্বাদু গার্লিক কোরিয়েন্ডার প্রন। গরম গরম পরিবেশন করুন। ওপরে চাইলে আর একটু অলিভ অয়েল ছড়িয়ে দিতে পারেন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News