
Health News: ডায়াবেটিস নেই, সুগারও স্বাভাবিক। তাহলে শরীরে ইনসুলিনের সমস্যা হবে কেন? শুনতে অবাক লাগলেও এমনটা হতে পারে। অনেক সময় রক্তে শর্করার (blood sugar) মাত্রা ঠিক রাখতে শরীরকে স্বাভাবিকের চেয়ে বেশি ইনসুলিন তৈরি করতে হয়। ফলে সুগার রিপোর্টে সব ঠিক দেখালেও শরীর ভিতরে ভিতরে লড়াই করে যাচ্ছে। এই অবস্থাকেই বলে ইনসুলিন রেজিস্ট্যান্স।
সহজ করে বললে, আমাদের কোষগুলি ইনসুলিনের কথা শুনতে চায় না। তখন অগ্ন্যাশয়কে বাধ্য হয়ে আরও বেশি ইনসুলিন বানাতে হয়। বাইরে থেকে সুগার নরমাল দেখালেও ভিতরে ইনসুলিনের বন্যা বয়ে যায়। আর এটাই ভবিষ্যতের ডায়াবেটিস, PCOS, ফ্যাটি লিভার ও হার্টের রোগের প্রথম ধাপ।
১. পেটের চর্বি: ওজন বেশি না হলেও পেটে ও কোমরের চারপাশে চর্বি জমলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। এই চর্বি থেকে প্রদাহজনক রাসায়নিক বের হয় যা ইনসুলিনের কাজে বাধা দেয়।
২. ভুল খাদ্যাভ্যাস: অতিরিক্ত ফাস্ট ফুড, মিষ্টি পানীয়, সাদা ভাত-রুটি, বিস্কুট খেলে।
৩. বসে থাকা জীবনযাত্রা: দিনে ৮-১০ ঘণ্টা বসে কাজ, একটুও না হাঁটা।
৪. ঘুম কম ও স্ট্রেস: রাতে ৬ ঘণ্টার কম ঘুম, অতিরিক্ত মানসিক চাপে কর্টিসল হরমোন বেড়ে ইনসুলিনের কাজ নষ্ট করে দেয়।
শরীর কীভাবে ইঙ্গিত দেয়? সুগার টেস্ট নরমাল হলেও এই লক্ষণগুলি দেখুন:
- ঘাড়, গলা, বগলে কালো দাগ (Acanthosis Nigricans) - পেট ভরা থাকলেও বারবার মিষ্টি খেতে ইচ্ছে করা - খাওয়ার পরই ভীষণ ঘুম পাওয়া ও ক্লান্তি - মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ড, মুখে লোম, PCOS - ওজন কমানোর চেষ্টা করেও ওজন না কমা, বিশেষ করে পেটের চর্বি না কমা - হাতে-পায়ে ছোট ছোট আঁচিল (Skin Tag) হওয়া
কী টেস্ট করবেন?
শুধু Fasting Sugar নয়, ডাক্তারের পরামর্শে করান Fasting Insulin ও HOMA-IR টেস্ট। এই টেস্টেই ধরা পড়ে সুগার নরমাল থাকলেও শরীরে ইনসুলিন বেশি আছে কি না।
মুক্তি পাবেন কীভাবে?
ভয় পাবেন না, ওষুধ ছাড়াই একে ঠিক করা যায়। প্রতিদিন ৩০ মিনিট জোরে হাঁটা, পেটের চর্বি কমানো, সাদা কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন ও ফাইবার বাড়ানো এবং রাতে ৭ ঘণ্টা ঘুম — এই তিনটিই হল এর সবচেয়ে বড় ওষুধ।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News