
গুড গার্ল সিনড্রোম কী?
“লোকেরা আমার সম্পর্কে কী ভাববে?”, “আমার কথায় কেউ আঘাত পাবে কি?”—এমন প্রশ্ন কি বারবার আপনার মনে আসে? নিজের সমস্যা লুকিয়ে রেখে আপনি কি অন্যের খুশিকেই বেশি গুরুত্ব দেন? তাহলে আপনি Good Girl Syndrome বা গুড গার্ল সিনড্রোমের শিকার।
গুড গার্ল সিনড্রোম আসলে কী?
গুড গার্ল সিনড্রোম কোনো ডাক্তারি বা মানসিক রোগ নয়। অন্যের প্রত্যাশা মেটাতে এবং তাঁদের খুশি রাখতে নিজের প্রয়োজনগুলোকে দূরে সরিয়ে রাখার একটি প্রবণতা এটি।
মহিলাদের মধ্যে গুড গার্ল সিনড্রোমের প্রাথমিক লক্ষণ
এই ধরনের মহিলারা চান তাঁদের চারপাশের সবাই যেন তাঁদের ওপর খুশি থাকেন। অন্যের খারাপ লাগবে ভেবে তাঁরা নিজেদের পছন্দ এবং প্রয়োজনকে দূরে সরিয়ে রাখেন।
মন না চাইলেও, সময় না থাকলেও বা শরীর খারাপ থাকলেও কিছু মহিলার অন্যকে ‘না’ বলতে কষ্ট হয়। তাঁদের ভয় হয়, না বললে উলটোদিকের মানুষটির খারাপ লাগতে পারে।
এই মহিলারা মনে করেন প্রতিটি ভূমিকায় তাঁদের নিখুঁত হতে হবে। মেয়ে, স্ত্রী, মা, পুত্রবধূ বা চাকুরিজীবী—যাই হোন না কেন, তাঁরা সব জায়গায় অন্যের প্রত্যাশা মেটাতে চান।
কিছু মহিলা নিজেদের যোগ্যতা মাপেন অন্যের প্রশংসার ওপর। কেউ যদি প্রশংসা না করেন বা কাজের গুরুত্ব না দেন, তবে তা তাঁদের মানসিকতায় প্রভাব ফেলে।
মহিলাদের মধ্যে গুড গার্ল সিনড্রোম হওয়ার কারণ কী?
অনেক মেয়েকেই ছোটবেলা থেকে শেখানো হয় যে বেশি তর্ক করতে নেই, বড়দের সব কথা শুনতে হয় এবং সবসময় মিষ্টি স্বভাবের হতে হয়। ধীরে ধীরে তাঁরা নিজেদের ইচ্ছেগুলো ভুলে অন্যের কথা বেশি ভাবতে শুরু করেন।
সমাজে মেয়েদের কাছ থেকে অন্যের যত্ন নেওয়ার প্রত্যাশা বেশি থাকে। অনেক সময় নিজের প্রয়োজনকে গুরুত্ব না দিয়ে কেবল অন্যের কথাই ভাবতে হয় তাঁদের।
অনেকের ভয় থাকে যে অন্যের কথা না শুনলে হয়তো মানুষ তাঁদের থেকে দূরে সরে যাবে বা অপছন্দ করবে। এই ভয়েই তাঁরা সবাইকে খুশি রাখার চেষ্টা করেন।
কীভাবে গুড গার্ল সিনড্রোম থেকে মানসিক চাপ আসে?
নিজের ইচ্ছে না থাকলেও অন্যের প্রত্যাশা মেটাতে গিয়ে মহিলারা চাপে পড়েন। অন্যের আবেগের খেয়াল রাখতে গিয়ে তাঁরা নিজেদের আবেগ বুঝতে ভুলে যান। এর প্রভাব মানসিক স্বাস্থ্যের ওপর পড়ে।
নিজেদের যোগ্যতা ও সিদ্ধান্তে ভরসা না করে অন্যের অনুমোদনের অপেক্ষায় থাকলে ধীরে ধীরে আত্মবিশ্বাস কমে যায়। সবসময় অন্যের জন্য ছুটে গেলে সম্পর্কে দায়িত্ব একতরফা হয়ে যায়। ফলে উলটোদিকের মানুষটি তাঁদের প্রয়োজন আর আবেগ বুঝতে ভুলে যান।
গুড গার্ল সিনড্রোম থেকে বেরিয়ে আসতে কী করবেন?
সবাইকে সাহায্য করা আপনার দায়িত্ব নয়। সময় না থাকলে ‘না’ বলতে শিখুন।
অন্যের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের জন্যও সময় বের করুন। নিজের পছন্দের কাজ করুন, বিশ্রাম নিন এবং নিজের আবেগকে বুঝুন।
কখনোই নিজেকে অবহেলা করবেন না। নিজের আবেগকে গুরুত্ব দিন। কেউ যদি আপনার সম্পর্কে খারাপ কথাও বলে, তাকে বেশি পাত্তা দেবেন না।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News