
একাকীত্ব মানে একা থাকা নয়, একাকীত্ব হলো সবার মাঝে থেকেও নিজেকে বিচ্ছিন্ন মনে হওয়া। মনোবিদরা বলছেন, অতিরিক্ত একাকীত্ব ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর। এটি ধীরে ধীরে আমাদের মন ও শরীর দুটোকেই অসুস্থ করে দেয়।
কিন্তু ভালো খবর হলো, কয়েকটি ছোট অভ্যাস রোজ মেনে চললেই এই অনুভূতি থেকে বেরিয়ে আসা যায়।
ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটবেন না। ১০ মিনিট নিজের সঙ্গে থাকুন। এক গ্লাস জল খান, জানালা খুলে রোদে দাঁড়ান, ৫ মিনিট গভীর শ্বাস নিন। সকালটা শান্তভাবে শুরু হলে সারাদিন একা লাগে কম।
রোজ রাতে ৩টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। যেমন, আজ রিকশাওয়ালা হাসল, চা-টা ভালো ছিল, মা ফোন করেছিল। আমাদের মস্তিষ্ক নেগেটিভ জিনিস বেশি মনে রাখে, এই অভ্যাস পজিটিভ দেখতে শেখায়।
একাকীত্ব কাটানোর সেরা ওষুধ হলো যত্ন করা। একটি ছোট মানি প্ল্যান্ট, একটি টবে তুলসী গাছ বা একটি মাছও হতে পারে। রোজ তাকে জল দেওয়া, খেতে দেওয়ার মধ্যে একটা কানেকশন তৈরি হয়।
হাঁটার সময় কানে হেডফোন নয়, ফোন নয়। শুধু হাঁটুন আর চারপাশ দেখুন। মানুষের হাঁটাচলা, দোকান, গাছ। এতে মস্তিষ্কে সেরোটোনিন বাড়ে, যা মন ভালো রাখে।
হোয়াটসঅ্যাপে ১০০ জনের সঙ্গে ‘হাই’ বলার চেয়ে, একজন বন্ধু বা পরিবারের মানুষের সঙ্গে ১০ মিনিট মন খুলে কথা বলুন। ফোনে নয়, সম্ভব হলে সামনাসামনি বা ভিডিও কলে।
আপনি একা, আর ইনস্টাগ্রামে সবাই পার্টি করছে, এটা দেখলে আরও একা লাগবে। দিনে অন্তত ২ ঘণ্টা ফোনকে ‘Do Not Disturb’ মোডে রাখুন। তুলনা করা বন্ধ করুন।
রোজ ১৫ মিনিট এমন কিছু করুন যা আপনি আগে করেননি। যেমন, একটি নতুন রান্না, একটি গানের লাইন, একটু ডুডল আঁকা। নতুন কিছু শিখলে আত্মবিশ্বাস বাড়ে।
অগোছালো ঘর মনকে আরও অগোছালো করে। বিছানা গুছিয়ে রাখা, টেবিল পরিষ্কার রাখার মতো ছোট কাজও আপনাকে কন্ট্রোলে আছেন বলে অনুভব করায়।
একা লাগার একটা কারণ হলো আমরা সাহায্য চাইতে লজ্জা পাই। আজ থেকে একবার চেয়ে দেখুন। বন্ধুকে বলুন, ‘আমার মন ভালো নেই, একটু কথা বলবি?’ বেশিরভাগ মানুষই সাহায্য করতে চায়।
রাত ১১টার পর ফোনের নীল আলো বন্ধ। হালকা গরম জল, একটি বই। একাকীত্ব সবচেয়ে বেশি বাড়ে রাতে। একটি নির্দিষ্ট ঘুমের সময় মস্তিষ্ককে নিরাপদ অনুভব করায়।
মনে রাখবেন, একা লাগা কোনও দুর্বলতা নয়। এটা একটা সংকেত, যে আপনার নিজের সঙ্গে একটু সময় কাটানো দরকার। এই অভ্যাসগুলো একদিনে জাদু করবে না, কিন্তু ২১ দিন মেনে চলুন, দেখবেন ভিতর থেকে অনেকটা হালকা লাগছে।
যদি মনে হয় একাকীত্ব খুব বেশি গ্রাস করছে, কথা বলতে ইচ্ছে করছে না, তবে অবশ্যই একজন মনোবিদের সঙ্গে কথা বলুন। সাহায্য চাওয়া সাহসের পরিচয়।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News