
পশ্চিম ওডিশার সুন্দরগড় জেলার গভীরে লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময় কণাকুণ্ড গিরিখাত, যাকে বলা হয় ওডিশার গ্র্যান্ড ক্যানিয়ন। তার পাশেই নীল জলের সরাফগড় ড্যাম ও ইকো ক্যাম্প। কলকাতা থেকে এক উইকএন্ডে ঘুরে আসার আদর্শ ঠিকানা।
কলকাতার ভিড় থেকে দূরে একটু নিরিবিলিতে পাহাড়, জঙ্গল আর নদীর খোঁজ করছেন? তাহলে এবার ঘুরে আসুন পশ্চিম ওডিশার সুন্দরগড় জেলার সবচেয়ে বড় সিক্রেট থেকে। ছায়াঘেরা পাহাড়ি উপত্যকায় লুকিয়ে রয়েছে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি— কণাকুণ্ড (Kanakund) গিরিখাত। স্থানীয়দের কাছে যা ওডিশার ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ নামেই পরিচিত।
ইব নদীর খরস্রোতা জলে শত শত বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে তৈরি হয়েছে এই বিশাল পাথুরে খাঁজ। কোথাও ৬০ ফুট গভীর খাদ, কোথাও বিশাল বিশাল পাথরের বোল্ডার। বর্ষায় যখন ইব নদী ফুলে ফেঁপে ওঠে, তখন এই গিরিখাতের রূপ হয় ভয়ঙ্কর সুন্দর। শীতকালে জল কমলে পাথরের ওপর দিয়ে হেঁটে গিরিখাতের ভেতর পর্যন্ত যাওয়া যায়, যা ট্রেকারদের কাছে স্বর্গ।
ঠিক তার গা ঘেঁষেই রয়েছে সরাফগড় ড্যাম ও ইকো-নেচার ক্যাম্প (Sarafgarh Dam & Nature Camp)। বিস্তৃত নীল জলরাশি, চারপাশে সবুজ টিলা আর নিস্তব্ধতা - ছবির মতো সুন্দর এই ড্যাম। এখানে বসেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়।
এটা কোনও গতানুগতিক ট্যুরিস্ট স্পট নয়, একেবারে অফবিট। ভিড় নেই, কোলাহল নেই। যারা ফটোগ্রাফি ভালোবাসেন, পাখি দেখতে ভালোবাসেন বা শুধু প্রকৃতির কোলে দু'দিন কাটাতে চান, তাদের জন্য আদর্শ। সরাফগড় নেচার ক্যাম্পে থাকার ব্যবস্থাও আছে, যেখানে রাতে জঙ্গলের মধ্যে কটেজে থাকার রোমাঞ্চই আলাদা।
- ট্রেনে: হাওড়া থেকে ঝাড়সুগুদা (Jharsuguda) বা রাউরকেলা (Rourkela) স্টেশনে নামুন। ওখান থেকে গাড়ি ভাড়া করে প্রায় ২-২.৫ ঘণ্টায় সরাফগড়। - গাড়িতে: কলকাতা থেকে প্রায় ৫০০ কিমি। সম্বলপুর হয়ে সুন্দরগড় রুট। - থাকার জায়গা: ওডিশা ইকো ট্যুরিজমের সরাফগড় নেচার ক্যাম্প আগে থেকে অনলাইনে বুক করতে হয়। এছাড়া সুন্দরগড় শহরে হোটেল পাবেন। - যাওয়ার সেরা সময়: অক্টোবর থেকে মার্চ। বর্ষার পর পরই গিরিখাত সবচেয়ে সুন্দর থাকে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News