
ওটস পুষ্টিগুণে ভরপুর একটা খাবার। এতে কার্বোহাইড্রেট আছে যা দীর্ঘক্ষণ শরীরে শক্তি জোগায়, ফাইবার হজমশক্তি ভালো রাখে এবং প্রোটিন শরীরের কোষ গঠনে সাহায্য করে। এছাড়াও বিটা-গ্লুকান, ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো জরুরি উপাদানও ওটসে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।
আধ কাপ ওটসে প্রায় ২৭.৪ গ্রাম কার্বোহাইড্রেট, ৫.৩ গ্রাম প্রোটিন, ২.৬ গ্রাম ফ্যাট, ৪ গ্রাম ফাইবার এবং ১৫৩.৫ ক্যালোরি থাকে। ওটসে স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং বারবার খাওয়ার প্রবণতা কমে।
রোজ সকালে এক বাটি ওটস খেলে খিদে নিয়ন্ত্রণে থাকে, ফলে চিপস বা ভাজাভুজির মতো অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার ইচ্ছে কমে যায়। এতে শুধু ওজনই নিয়ন্ত্রণে থাকে না, সারাদিন শরীর চনমনে থাকে এবং মেটাবলিজমও ঠিকঠাক কাজ করে। যাঁরা পেটের চর্বি কমাতে বা ক্যালোরি মেপে খেতে চান, তাঁদের জন্য ওটস একটা দারুণ বিকল্প।
যাঁরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য ওটস খুব উপকারী হতে পারে। এতে থাকা সলিউবল ও ইনসলিউবল ফাইবার একসঙ্গে কাজ করে মল নরম করতে এবং হজম প্রক্রিয়া সহজ করতে সাহায্য করে। নিয়মিত ওটস খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় এবং হজম ব্যবস্থা সুস্থ থাকে। এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও সাহায্য করে এবং পেট ফাঁপার সমস্যা কমায়।
ওটসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল নামের উপকারী উদ্ভিজ্জ যৌগ থাকে, যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এর ফলে রক্ত সঞ্চালন ভালো হয় এবং ধমনী সুস্থ থাকে, যা হার্টের ওপর চাপ কমায়।
নিয়মিত ওটস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে পারে এবং হৃদরোগের ঝুঁকিও কমে। স্বাস্থ্যকর জীবনযাত্রার পাশাপাশি রোজকার ডায়েটে ওটস রাখলে হার্টের স্বাস্থ্য অনেকটাই ভালো রাখা সম্ভব। এতে থাকা বিটা-গ্লুকান রক্তে শর্করার শোষণ প্রক্রিয়াকে ধীর করে দেয়। ফলে ইনসুলিনের মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না এবং সারাদিন ব্লাড সুগার লেভেল স্থিতিশীল থাকে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News