
লক্ষ্মী পুজোয় ভোগের খিচুড়ি ছাড়া পুজো অসম্পূর্ণ। খিচুড়ি রান্নার পদ্ধতিও এক এক বাড়িতে এক এক রকম। এক উপকরণে রাঁধলেও, খিচুড়ির স্বাদ বাড়িভেদে ভিন্ন হয়। তবে সুস্বাদু খিচুড়ি বানাতে গেলে চাল, ডাল, জল, মশলা সমস্ত অনুপাত নিখুঁত হওয়া জরুরি।
লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে ভোগ না দিলে পুজোই সম্পূর্ণ হয় না। আর সেই ভোগে খিচুড়ি থাকবে না, তা কি হয়? দোকানের মতো ঝরঝরে অথচ গলে যাওয়া, সুগন্ধী ভোগের খিচুড়ি বাড়িতেই বানাতে চাইলে মাপ আর পদ্ধতি জানাটা জরুরি। রইল লক্ষ্মী পুজোর ভোগের খিচুড়ির সহজ রেসিপি।
- গোবিন্দভোগ চাল - ২৫০ গ্রাম - সোনা মুগ ডাল - ২৫০ গ্রাম (চাল:ডাল ১:১ অনুপাতে) - জল - ২ লিটার (গরম করে নিতে হবে) - সর্ষের তেল - ৪ টেবিল চামচ - ঘি - ২ চা চামচ - তেজপাতা - ২টি, শুকনো লঙ্কা - ২টি - টমেটো বাটা - ১টি বড় টমেটোর - হলুদ গুঁড়ো - ১ চা চামচ - ধনে গুঁড়ো - ১ চা চামচ - লাল লঙ্কা গুঁড়ো - সামান্য - নুন ও চিনি - স্বাদমতো
স্পেশাল ভোগের মশলা পেস্টের জন্য: - আদা - ৫০ গ্রাম - কাঁচালঙ্কা - ৭-৮টি - গোটা জিরে - ১ চা চামচ - রাঁধুনি - ১ চা চামচ (এটাই আসল গন্ধের রহস্য)
সব একসঙ্গে সামান্য জল দিয়ে মিক্সিতে মিহি পেস্ট করে নিন।
প্রথম ধাপ - ডাল ভাজা ও সেদ্ধ: প্রথমে মুগডাল শুকনো খোলায় হালকা সোনালী করে ভেজে নিন, সুন্দর গন্ধ বেরোবে। এবার ২ লিটার জল হাঁড়িতে গরম করে তাতে হলুদ দিন। ফুটন্ত জলে প্রথমে ভাজা মুগডালটা দিন। ঢাকা দিয়ে ১০ মিনিট সেদ্ধ হতে দিন। ডাল ৫০% সেদ্ধ হলে, মানে টিপলে ভাঙবে এমন হলে, ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিন। নুন দিয়ে একসঙ্গে সেদ্ধ হতে দিন।
দ্বিতীয় ধাপ - মশলা কষানো: অন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন। এবার বেটে রাখা আদা-জিরে-রাঁধুনি-কাঁচালঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে কষান। ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সামান্য নুন দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো বাটা দিয়ে আরও ৩-৪ মিনিট কষান।
তৃতীয় ধাপ - মসলা মেশানো: কষানো মশলাটা সেদ্ধ চাল-ডালের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে দিন। ৫ মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিন। খিচুড়ি ঘন হয়ে এলে স্বাদমতো চিনি, ২ চামচ ঘি আর এক চিমটে গরম মশলা ছড়িয়ে দিন। ঢাকা দিয়ে ১০ মিনিট দমে রাখুন।
ব্যাস, তৈরি লক্ষ্মী পুজোর ভোগের সুগন্ধী, ঝরঝরে অথচ মুখে দিলেই গলে যাওয়া খিচুড়ি। সঙ্গে লাবড়া আর চাটনি অবশ্যই রাখুন। পুজো হলে প্রসাদ পরিবেশন করুন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News