
Food Tips: বিকেলে চায়ের সঙ্গে মুচমুচে কিছু খেতে ইচ্ছে করছে? দোকানে ছুটতে হবে না। ঘরে থাকা সামান্য ময়দা আর চিনি দিয়েই বানিয়ে ফেলুন দোকানের মতো খাস্তা মিষ্টি নিমকি। অনেকে ভাবেন নিমকি বানাতে অনেক সময় লাগে, কিন্তু এই ট্রিকে মাখা থেকে ভাজা - পুরোটাই হয়ে যাবে মাত্র ৫ মিনিটে। অতিথি এলে বা বাচ্চাদের টিফিনেও জমে যাবে এই স্ন্যাকস।
- ময়দা: ২ কাপ
- ঘি বা সাদা তেল (ময়ান দেওয়ার জন্য): ৪ টেবিল চামচ
- চিনি বা চিনির গুঁড়ো: আধ কাপ (স্বাদমতো কম-বেশি করে নিতে পারেন)
- নুন: এক চিমটে (মিষ্টির স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য নুন জরুরি)
- ঈষদুষ্ণ জল বা দুধ: ময়দা মাখার জন্য প্রয়োজনমতো
- সাদা তেল: নিমকি ভাজার জন্য
৫ মিনিটে নিমকি বানানোর পদ্ধতি:
প্রথম ধাপ : ময়দা মাখা (২ মিনিট)- একটি বড় পাত্রে ২ কাপ ময়দা, এক চিমটে নুন, ৪ চামচ ঘি/তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ময়ানটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য মুঠো করলে যদি দলা পাকিয়ে যায়, তাহলেই বুঝবেন ঠিক আছে। এবার আধ কাপ চিনির গুঁড়ো মিশিয়ে ঈষদুষ্ণ জল বা দুধ দিয়ে শক্ত করে মেখে নিন। রুটির মতো নরম নয়, একটু শক্ত ডো হবে।
দ্বিতীয় ধাপ : বেলা ও কাটা (১ মিনিট): ডো থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। এবার ছুরি বা কাটার দিয়ে নিজের পছন্দ মতো ডায়মন্ড, ত্রিভুজ বা লম্বা আকারে কেটে নিন। কাঁটা চামচ দিয়ে হালকা ফুটো করে দিন, তাহলে ভাজার সময় ফুলে উঠবে না।
তৃতীয় ধাপ : ভাজা (২ মিনিট): কড়াইতে তেল গরম করুন। তেল মাঝারি গরম হলে নিমকিগুলো ছাড়ুন। প্রথমে আঁচ মাঝারি রাখুন, তারপর কমিয়ে দিন। সোনালি-বাদামি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলুন। গরম অবস্থায় ওপরে সামান্য চিনির গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, স্বাদ আরও বাড়বে।
মুচমুচে রাখার টিপস:
১. ময়ান বেশি দিলে নিমকি বেশি খাস্তা হবে।
২. দুধ দিয়ে মাখলে নিমকি বেশি নরম ও সাদা হবে।
৩. ভাজার পর এয়ারটাইট কৌটোয় ভরে রাখলে ১০-১২ দিন পর্যন্ত মুচমুচে থাকবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News