
ছুটির দিনে সুস্বাদু পদ খেতে কার না পছন্দ। বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন ডিমের রেসিপি। জেনে নিন কী করে বানাবেন।
কী কী লাগবে:
১. দুজনের খাওয়ার মতো ভাত (যেকোনো চালের ভাত হলেই হবে)
২. ঘি বা নারকেল তেল- ১ বড় চামচ
৩. সর্ষে- ১/৪ চা চামচ
৪. ছোট পেঁয়াজ বা শ্যালট- আধা কাপ (বা ১টি সাধারণ পেঁয়াজ)
৫. রসুন- ৫ কোয়া (কুচি করা), আদা- ছোট এক টুকরো (কুচি করা), কাঁচা লঙ্কা- ২টি (কুচি করা)
৬. টমেটো- অর্ধেকটা (কুচি করা)
৭. ফ্রোজেন কড়াইশুঁটি- আধা কাপ (বাড়িতে থাকা যেকোনো সবজিও দিতে পারেন)
৮. গোলমরিচ গুঁড়ো- আধা চা চামচ
৯. গরম মশলা- আধা চা চামচ
১০. নারকেলের দুধ বা গরম জল- ২ টেবিল চামচ
১১. ডিম- ২টি
১২. ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
কীভাবে বানাবেন:
প্রথমে গ্যাসে একটা মোটা তলার পাত্র বসিয়ে গরম করুন। এবার তাতে ঘি দিয়ে দিন। ঘি গরম হলে সর্ষে ফোড়ন দিন। এরপর কুচি করে রাখা ছোট পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। স্বাদমতো নুন দিয়ে দিন।
পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন। সবকিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিন। মশলা ভাজা হয়ে এলে টমেটো কুচি আর ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে দিন। এই সময়ে চাইলে আপনার পছন্দের যেকোনো সবজি ছোট ছোট করে কেটে দিতে পারেন। সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিন।
এবার কম আঁচে ২ মিনিট রান্না করুন। তারপর নারকেলের দুধ বা গরম জল দিয়ে দিন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করুন। এই সময়ে নুন ঠিক আছে কি না, তা একবার চেখে দেখে নিন। দরকার হলে আরও একটু নুন দিতে পারেন। এরপর দুটো ডিম ফাটিয়ে দিয়ে পাত্রটা ঢাকা দিয়ে দিন।
২ মিনিট পর ঢাকা খুলে ডিমগুলো ভালো করে ঘেঁটে বা স্ক্র্যাম্বল করে নিন। ডিম ভাজা হয়ে গেলে আগে থেকে রান্না করে রাখা ভাত দিয়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিন। পেঁয়াজ ভাজার সময় চাইলে কারিপাতাও দিতে পারেন। সবকিছু মেশানো হয়ে গেলে পাত্রটা ঢাকা দিয়ে ২ মিনিট রেখে দিন। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News