
Homemade Sauce: সিঙ্গারা, চিপস, স্যান্ডউইচ বা পাস্তা - টমেটো সস ছাড়া যেন জমেই না, বিশেষ করে বাচ্চাদের কাছে। কিন্তু জানেন কি, যে সস আপনি এত ভালোবেসে খাচ্ছেন, তার ভিতরে টমেটোর বদলে থাকতে পারে পচা কুমড়ো, পেঁপে, সিন্থেটিক রং, অতিরিক্ত চিনি আর সোডিয়াম বেনজোয়েটের মতো ক্ষতিকর প্রিজারভেটিভ?
সম্প্রতি বিভিন্ন জায়গায় ভেজাল সস কারখানার হদিশ মিলেছে, যেখানে কম খরচে বেশি লাভের জন্য টমেটোর বদলে কুমড়ো সেদ্ধ করে তার সঙ্গে লাল রং ও কেমিক্যাল মিশিয়ে সস তৈরি করা হচ্ছে। এই সস দীর্ঘদিন খেলে পেটের সমস্যা, অ্যালার্জি, এমনকি লিভারের ক্ষতিও হতে পারে। তাই আর ঝুঁকি নয়, মাত্র ৩০ মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতো টমেটো সস।
*উপকরণ:*
- পাকা লাল টমেটো - ১ কেজি
- পেঁয়াজ - ১টি মাঝারি (কুচি করা)
- রসুন - ৩-৪ কোয়া
- চিনি - ৩-৪ টেবিল চামচ (স্বাদ মতো)
- ভিনেগার / সাদা সিরকা - ২ টেবিল চামচ
- কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ (রঙের জন্য, ঝাল হবে না)
- গোলমরিচ গুঁড়ো - ১/২ চা চামচ
- লবণ - স্বাদ মতো
- সাদা তেল - ১ চা চামচ
*বানানোর পদ্ধতি:*
• টমেটোগুলো ভালো করে ধুয়ে চার টুকরো করে কেটে নিন। প্রেসার কুকারে টমেটো, পেঁয়াজ, রসুন এবং ১/২ কাপ জল দিয়ে ৩-৪টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন।
• ঠান্ডা হলে মিশ্রণটি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিন এবং একটি ছাঁকনি দিয়ে ছেঁকে খোসা ও বীজ ফেলে দিন।
• এবার সেই ছাঁকা পেস্টটি একটি কড়াইতে নিয়ে মাঝারি আঁচে ফোটাতে থাকুন। এর মধ্যে লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন।
• মিশ্রণটি ঘন হয়ে সসের মতো হয়ে এলে (প্রায় ১৫-২০ মিনিট পর) ভিনেগার মিশিয়ে আরও ২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। ভিনেগার প্রাকৃতিক প্রিজারভেটিভের কাজ করবে।
• পুরোপুরি ঠান্ডা হলে একটি পরিষ্কার কাচের বোতলে ভরে ফ্রিজে রাখুন।
*সংরক্ষণ:* এই ঘরোয়া সস কোনও কেমিক্যাল ছাড়াই ফ্রিজে ১৫-২০ দিন পর্যন্ত ভালো থাকবে। বাচ্চাদের টিফিনেও নিশ্চিন্তে দিতে পারবেন।
বাজারের ভেজাল সস আর নয়, আজই বাড়িতে বানান খাঁটি, স্বাস্থ্যকর টমেটো সস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News