
Sleeping: দিনের বেলায় আমরা অনেক কিছু লুকিয়ে রাখি, কিন্তু রাতে ঘুমের মধ্যে আমাদের শরীর সত্যি কথা বলে দেয়। মনোবিজ্ঞানী প্রফেসর ক্রিস ইডজিকোস্কির গবেষণা বলছে, মানুষের ঘুমোনোর ছয়টি সাধারণ ভঙ্গি আছে, আর প্রতিটি ভঙ্গি তার ব্যক্তিত্বের গোপন দিক ফাঁস করে দেয়। আপনি কোন দলে পড়েন, মিলিয়ে নিন।
যাঁরা চিৎ হয়ে হাত দুটো সোজা রেখে ঘুমান, তারা সাধারণত শান্ত, সংযত এবং আত্মবিশ্বাসী হন। এঁরা খুব গম্ভীর, নিজের লক্ষ্যে স্থির থাকেন। আবেগ কম দেখান, কিন্তু ভেতরে ভেতরে খুব লয়াল হন। এঁরা সহজে কারও দ্বারা প্রভাবিত হন না এবং নেতৃত্ব দিতে ভালোবাসেন। তবে এঁদের একটু জেদি বলেও মনে করা হয়।
সবচেয়ে বেশি মানুষ, বিশেষ করে মেয়েরা এইভাবে ঘুমান। হাঁটু ভাঁজ করে বুকের কাছে নিয়ে শিশুর মতো গুটিশুটি মেরে ঘুম। বাইরে থেকে এদের খুব শক্ত মনে হলেও, ভেতরে এরা খুব নরম মনের, সংবেদনশীল হন। নতুন মানুষের সঙ্গে মিশতে সময় লাগে, কিন্তু একবার মিশে গেলে খুব বিশ্বস্ত বন্ধু হন। এদের নিরাপত্তার প্রয়োজন বেশি।
পাশ ফিরে দুটো হাত সামনের দিকে বাড়িয়ে যাঁরা ঘুমান, তাঁরা খুব খোলা মনের হন। কিন্তু একটু সন্দেহপ্রবণও হন। কোনও সিদ্ধান্ত নিতে সময় নেন, কিন্তু একবার নিলে আর বদলান না। এঁরা খুব যুক্তিবাদী এবং জীবনে কী চান তা নিয়ে স্পষ্ট ধারণা রাখেন।
পেটের ওপর ভর দিয়ে, হাত বালিশের দুপাশে রেখে যাঁরা ঘুমান, তাঁরা খুব সাহসী, স্পষ্টবাদী এবং একটু বেপরোয়া হন। এঁরা ভিড়ের মধ্যে নজর কাড়তে ভালোবাসেন। সমালোচনা একদম সহ্য করতে পারেন না। বাইরে থেকে খুব আত্মবিশ্বাসী দেখালেও, ভেতরে ভেতরে একটু নার্ভাস থাকেন।
চিৎ হয়ে হাত দুটো মাথার ওপর দিয়ে যাঁরা ঘুমান, তাঁরা সবার বন্ধু। এঁরা খুব পরোপকারী, অন্যের কথা শোনেন, সাহায্য করতে ভালোবাসেন। নিজের প্রচার একদম পছন্দ করেন না। এরা খুব বিশ্বস্ত এবং পরিবারকে সবার আগে রাখেন।
একদম কাঠের মতো সোজা পাশ ফিরে যাঁরা ঘুমান, তাঁরা খুব সামাজিক, সহজ-সরল এবং সবার বিশ্বাসযোগ্য হন। এঁরা খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলেন, তাই মাঝে মাঝে ঠকেও যান।
আপনি আজ রাতে কীভাবে ঘুমাচ্ছেন, খেয়াল করুন। হয়তো আপনার নিজের সম্পর্কে অনেক অজানা দিক সামনে চলে আসবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News