Luggage at Sealdah: মাত্র ৩০ টাকায় শিয়ালদহ স্টেশনে লাগেজ রাখুন, জানুন পুরো পদ্ধতি

Published : Jul 08, 2026, 02:11 PM IST
eastern railway sealdah division night special local train Schedule changes

সংক্ষিপ্ত

শিয়ালদহে ট্রেনের অপেক্ষায় লাগেজ নিয়ে ভুগছেন? মাত্র ৩০ টাকায় ২৪ ঘন্টার জন্য লাগেজ জমা রাখার সুবিধা আছে। কোথায় আছে, কী লাগবে আর কীভাবে বুক করবেন জানুন।

শিয়ালদহ স্টেশনে এসে বড় সুটকেস নিয়ে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করার দিন শেষ। ট্রেন ধরার ৩-৪ ঘন্টা আগে এসে গেছেন বা কানেক্টিং ট্রেনের জন্য অপেক্ষা করছেন? ভারতীয় রেলের শিয়ালদহ স্টেশনে মাত্র ৩০ টাকায় আপনি আপনার লাগেজ সুরক্ষিতভাবে জমা রাখতে পারবেন। এই সুবিধার নাম "Cloak Room"।

শিয়ালদহ স্টেশনে মূলত দুটি জায়গায় এই সুবিধা পাবেন। প্রথমটি হল মেন বিল্ডিং এর Cloak Room। ১ নম্বর প্ল্যাটফর্মের কাছেই, মেন গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে। এখানে সারাদিনই ভিড় থাকে। আর দ্বিতীয়টি হল নর্থ সাবার্বান সেকশনে, ৯ থেকে ১২ নম্বর প্ল্যাটফর্মের কাছে। লোকাল ট্রেনের যাত্রীদের সুবিধার জন্য এই কাউন্টার আলাদা করা আছে। দুটি কাউন্টারই ২৪ ঘন্টা খোলা থাকে।

এবার আসি খরচের কথায়। রেলের নিয়ম অনুযায়ী ছোট ব্যাগ বা লাগেজ প্রতি পিস ২০ টাকা আর বড় সুটকেস প্রতি পিস ৩০ টাকা। এই চার্জ ২৪ ঘন্টার জন্য। ২৪ ঘন্টা পেরিয়ে গেলে প্রতি ১২ ঘন্টার জন্য আবার অর্ধেক চার্জ দিতে হবে। অর্থাৎ ৩০ টাকার লাগেজ যদি ৩৬ ঘন্টা রাখেন তাহলে ৪৫ টাকা লাগবে। সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত লাগেজ এখানে রাখা যায়। এর বেশি সময় ফেলে রাখলে রেল সেই জিনিস নিলাম করে দিতে পারে।

বুকিং এর জন্য আপনাকে স্টেশনে গিয়েই কাউন্টারে যেতে হবে। আপাতত পুরোপুরি অনলাইন বুকিং চালু হয়নি। প্রথমে আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের অরিজিনাল আর এক কপি জেরক্স নিয়ে যান। সাথে ট্রেনের টিকিট থাকলে ভালো। কাউন্টারে গিয়ে একটি ফর্ম ফিলাপ করতে হবে যেখানে নাম, ফোন নম্বর আর কতক্ষণ লাগেজ রাখবেন তা লিখতে হবে। তারপর আপনার লাগেজ স্ক্যানিং মেশিনে চেক হবে। ঠিক থাকলে প্রতিটি ব্যাগে একটি ট্যাগ নম্বর লাগিয়ে দেওয়া হবে। সেই ট্যাগের রিসিট আপনাকে যত্ন করে রাখতে হবে কারণ লাগেজ ফেরত নেওয়ার সময় এই রিসিট আর আইডি কার্ড দেখাতেই হবে। রিসিট হারিয়ে গেলে পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত লাগতে পারে।

তবে মনে রাখবেন টাকা, গয়না, ল্যাপটপ, মোবাইল বা জরুরি কাগজপত্র এই Cloak Room এ রাখা যাবে না। হারিয়ে গেলে রেল কোনো দায় নেবে না। শুধু জামাকাপড়, বই বা সাধারণ জিনিসপত্রই রাখুন।

ভিড় এড়াতে চাইলে সকাল ৮টা থেকে ১১টা আর সন্ধ্যা ৬টা থেকে ৯টা এই সময়টা বাদ দিয়ে যান। এই সময়ে লাইন দিয়ে ২০-৩০ মিনিট লেগে যেতে পারে। ৩০ টাকায় শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশনে লাগেজের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার এর থেকে ভালো উপায় আর নেই। পরের বার শিয়ালদহ গেলে নিশ্চিন্তে এই সুবিধা কাজে লাগান।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

কলকাতায় ফ্ল্যাট মানেই EMI-র চাপ! গড়ে আয়ের এক-চতুর্থাংশই চলে যাচ্ছে হোম লোনে