
মাত্র ছোট্ট একটি যন্ত্র, অথচ ক্ষমতায় টেক্কা দিতে পারে খোদ ইলন মাস্কের সংস্থা নিউরালিঙ্কের তৈরি অত্যাধুনিক ব্রেন চিপকেও। সবচেয়ে বড় পার্থক্য হল, মাস্কের চিপ বসাতে মাথার খুলি কেটে মগজের ভিতরে অস্ত্রোপচার করতে হয়। কিন্তু দেশে তৈরি এই নতুন যন্ত্রটির জন্য কোনও কাটাছেঁড়ার দরকারই নেই।
এই যন্ত্রটির নাম 'টেম্পল'। এটি একটি নন-ইনভেসিভ ওয়্যারেবল ডিভাইস। অর্থাৎ শরীরে কিছু প্রবেশ করাতে হবে না। শুধু কপালের পাশে, রগের কাছে সেঁটে নিলেই হল।
কপালে সাঁটানোর পরই যন্ত্রটি মস্তিষ্ক থেকে আসা বৈদ্যুতিক সঙ্কেত বা ব্রেন সিগন্যাল হুড়মুড়িয়ে পড়ে নেবে। সেই সিগন্যাল বিশ্লেষণ করেই শরীরের ভিতরের অনেক গোপন খবর জানিয়ে দেবে এই যন্ত্র।
১. শরীরের অন্দরের খবর: মস্তিষ্কের সঙ্কেত থেকে হার্টের অবস্থা, লিভারের কার্যকারিতা এবং শরীরের অন্যান্য অঙ্গের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য দেবে।
২. স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা: শরীরে কোনও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হলে আগাম সতর্কবার্তা দেবে ব্যবহারকারীকে।
৩. স্মার্টওয়াচের বিকল্প: অনেক ক্ষেত্রে এটি স্মার্টওয়াচের চেয়েও উন্নত বিকল্প হিসেবে কাজ করবে। কারণ স্মার্টওয়াচ শুধু হার্টরেট বা SpO2 মাপে, কিন্তু এই যন্ত্র সরাসরি মস্তিষ্কের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে।
খুব তাড়াতাড়িই দেশের বাজারে এই মগজ পড়ার যন্ত্রটি লঞ্চ করতে চলেছে সংস্থা। দাম ও অন্যান্য ফিচার নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, প্রযুক্তি মহলে ইতিমধ্যেই এই দেশীয় আবিষ্কার নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News