
Health News: পুজোর নতুন জামা বা অনলাইনে অর্ডার করা নতুন শার্ট, হাতে পেয়েই ট্যাগ খুলে পরে ফেলার আনন্দটাই আলাদা। কিন্তু এই আনন্দই ডেকে আনতে পারে চুলকানি, র্যাশ, ফুসকুড়ি এমনকি মারাত্মক সংক্রমণ। চিকিৎসকরা বলছেন, নতুন জামা অবশ্যই একবার ধুয়ে তারপর পরা উচিত। কেন?
জামাকাপড়কে কোঁচকানো থেকে বাঁচাতে, রং পাকা করতে এবং চকচকে দেখাতে কারখানায় ফর্মালডিহাইড রেজিন, অ্যাজো ডাইয়ের মতো কেমিক্যাল ব্যবহার করা হয়। এই কেমিক্যাল সরাসরি ত্বকে লাগলে লাল হয়ে যাওয়া, তীব্র চুলকানি, চোখ জ্বালা এবং শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। আমেরিকান কন্ট্যাক্ট ডার্মাটাইটিস সোসাইটি এটিকে অন্যতম অ্যালার্জেন বলেছে।
গাঢ় রঙের জিন্স, কালো বা লাল জামায় অতিরিক্ত রং থাকে। এই রং ঘামের সঙ্গে মিশে ত্বকে ঢোকে। এর থেকে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়। দীর্ঘদিন ধরে এমন রাসায়নিকের সংস্পর্শে থাকলে তা স্বাস্থ্যের জন্য আরও ক্ষতিকর হতে পারে।
ভাবুন তো, আপনার আগে কতজন ওই জামাটা ট্রায়াল দিয়েছে? তাদের ঘাম, ধুলো, ছত্রাক ও ব্যাকটেরিয়া ওই জামাতেই লেগে আছে। গুদাম থেকে দোকান পর্যন্ত ধুলোবালি, ইঁদুর-আরশোলার সংস্পর্শও লাগে। না ধুয়ে পরলে সেই জীবাণু সরাসরি আপনার শরীরে।
বিশেষ করে টুপি, অন্তর্বাস বা সোয়েটার ট্রায়াল থেকে স্ক্যাবিস, ফাঙ্গাল ইনফেকশন এমনকি উকুন পর্যন্ত ছড়াতে পারে।
নতুন জামায় মাড় ও কেমিক্যালের আস্তরণ থাকে বলে তা ঘাম শোষণ করে না। ফলে বেশি ঘাম হয় এবং দ্রুত দুর্গন্ধ হয়।
নতুন জামা সবসময় হালকা ডিটারজেন্ট বা লবণ-জলে ১৫-২০ মিনিট ভিজিয়ে ধুয়ে নিন। গাঢ় রঙের জামা আলাদা ধোবেন, প্রথমবার রং উঠবেই। ধোয়ার পর রোদে ভালো করে শুকিয়ে তারপর পরুন। অন্তর্বাস ও বাচ্চাদের জামার ক্ষেত্রে এই নিয়ম মানা বাধ্যতামূলক। একবার ধোয়া, সারাদিনের সুরক্ষা। নতুন জামার আনন্দ নিন, কিন্তু সুস্থ থেকে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News