National Bird : ময়ূর ভারতের জাতীয় পাখি। কিন্তু আমাদের দেশে তো কত পাখি আছে, তা হলে ময়ূরকেই কেন বেছে নেওয়া হল? কবে নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত? জেনে নিন এসব প্রশ্নের উত্তর।
ভারতে বহু প্রজাতির পাখি দেখা যায়। সব পাখিরই নিজস্ব বৈশিষ্ট্য আছে। তবে এর মধ্যে ময়ূরের স্থান একটু আলাদা। আর সেই কারণেই ময়ূরকে জাতীয় পাখি হিসেবে বেছে নেওয়া হয়েছে। বৃষ্টির সময় ময়ূর যখন পেখম মেলে নাচে, তা দেখে মুগ্ধ হন সবাই। তবে শুধু সৌন্দর্যের জন্যই ময়ূর জাতীয় পাখির মর্যাদা পায়নি। এর পিছনে ঐতিহাসিক ও সাংস্কৃতিক কারণও রয়েছে। ১৯৬১ সালে ভারতীয় বন্যপ্রাণী বোর্ড জাতীয় পাখি নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা করে। সারস, হাঁস, ব্রাহ্মণী চিল এবং গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড-এর মতো পাখির নামও বিবেচনায় ছিল। অবশেষে ১৯৬৩ সালের ১ ফেব্রুয়ারি ভারত সরকার ময়ূরকে সরকারিভাবে জাতীয় পাখি হিসেবে ঘোষণা করে।
23
দেশজুড়েই দেখা মেলে
ময়ূরকে জাতীয় পাখি হিসেবে বেছে নেওয়ার অন্যতম প্রধান কারণ হল, দেশের বিভিন্ন প্রান্তে এর উপস্থিতি। জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে তামিলনাড়ু, কেরালা ও আসাম-সহ দেশের বেশিরভাগ রাজ্যেই ময়ূর দেখতে পাওয়া যায়। অর্থাৎ, কোনও নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না থেকে, দেশের অধিকাংশ মানুষের কাছেই পরিচিত এই পাখি। জাতীয় পাখি এমন হওয়া উচিত, যা সবার কাছে পরিচিত। ময়ূর সেই শর্ত পূরণ করেছে। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ময়ূরের নিবিড় সম্পর্কও অন্যতম কারণ। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক শোভা পায়। আবার ময়ূর কার্তিকের বাহন। ভারতীয় পুরাণ, চিত্রকলা ও মন্দিরের ভাস্কর্যে ময়ূরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সৌন্দর্য, সম্মান ও শুভ কামনার প্রতীক হিসেবেও দেখা হয় ময়ূরকে।
33
স্বতন্ত্র পরিচিতি দিয়েছে এর রূপ
ময়ূরকে জাতীয় পাখি হিসেবে বেছে নেওয়ার আরেকটি কারণ এর অনবদ্য রূপ। মাথার চমৎকার ঝুঁটি এবং লম্বা রঙিন পালক ময়ূরকে এক আলাদা পরিচিতি দেয়। সরকারি নথিপত্র, ডাকটিকিট ও সরকারি প্রতীক হিসেবে ময়ূরের ছবি সহজেই ব্যবহার করা যায়। দূর থেকে দেখলেই চেনা যায় যে, এটা ময়ূর। সেই সময় অন্য কোনও বড় দেশ ময়ূরকে জাতীয় পাখি হিসেবে ঘোষণা করেনি, যা ভারতকে এক অনন্য পরিচিতি দিয়েছিল। সৌন্দর্য, দেশজুড়ে উপস্থিতি, ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক এবং স্বতন্ত্র রূপের কারণে ময়ূর জাতীয় পাখির মর্যাদা পেয়েছে। বর্তমানে ময়ূর বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অধীনে সুরক্ষিত। ময়ূর শিকার বা হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ।