
Bhai Phonta: বর্তমান যুগে কর্মব্যস্ততা এবং দূরত্বের কারণে পরিবারের মানুষেরা প্রায়ই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ভাইফোঁটা এমন একটি দিন যা সমস্ত দূরত্ব ঘুচিয়ে ভাইবোনকে আবার এক সুতোয় বেঁধে দেয়। এটি পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করে এবং সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। এমনকি রক্তের সম্পর্ক ছাড়াও অনেকে পাতানো ভাই বা বন্ধুদের ফোঁটা দিয়ে এই উৎসবের আনন্দ ভাগ করে নেন।
পৌরাণিক গল্প-
ভাইফোঁটা উৎসবের পেছনে একটি সুন্দর পৌরাণিক গল্প রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুয়ায়ী, এই বিশেষ তিথিতে মৃত্যুর দেবতা যমরাজ তাঁর বোন যমুনার আমন্ত্রণে তাঁর বাড়িতে এসেছিলেন। যমুনা পরম আদরে দাদাকে সুস্বাদু খাবার খাওয়ান এবং কপালে তিলক এঁকে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। যমরাজ বোনের এই ভালোবাসায় আপ্লুত হয়ে আশীর্বাদ করেন যে—আজকের দিনে যে বোন তাঁর ভাইয়ের কপালে ফোঁটা দেবে, সেই ভাইয়ের কখনো অকালমৃত্যু হবে না এবং সে দীর্ঘায়ু লাভ করবে। সেই থেকে মর্ত্যে এই উৎসবের সূচনা।
আচার ও উদযাপনের নিয়ম:
ভাইফোঁটার দিন সকাল থেকেই প্রতিটি বাঙালি ঘরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এই উৎসবের মূল আচারগুলো হলো:
১. উপবাস: ফোঁটা দেওয়ার আগে পর্যন্ত বোনেরা সাধারণত উপবাস বা নির্জলা ব্রত পালন করেন।
২. আসন ও আলপনা: ভাইকে একটি সুন্দর আসনে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসানো হয়।
৩. ফোঁটা দেওয়া: বোন তাঁর বাঁ হাতের অনামিকা আঙুল দিয়ে চন্দন, দই বা কাজলের ফোঁটা ভাইয়ের কপালে তিনবার এঁকে দেন। এই সময় বোনেদের মুখে উচ্চারিত হয় সেই চিরন্তন ছড়া:"ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।
৪. আশীর্বাদ ও মিষ্টিমুখ: ফোঁটা দেওয়ার পর ধান, দুর্বা এবং প্রদীপ দিয়ে ভাইকে আশীর্বাদ বা বরণ করা হয়। ৫. এরপর ভাইকে বিভিন্ন রকমের মিষ্টি ও সুস্বাদু খাবার খাইয়ে মিষ্টিমুখ করানো হয়।
ভাইফোঁটার একটি বড় আকর্ষণ হলো উপহার আদান-প্রদান। ফোঁটা নেওয়ার পর ভাই তাঁর সাধ্যমতো বোনকে সুন্দর উপহার দেয়। আবার অনেক বোনও ভাইয়ের জন্য পোশাক বা পছন্দের জিনিস উপহার হিসেবে প্রস্তুত রাখেন। আধুনিক কর্মব্যস্ত জীবনে এই দিনটিতে পরিবারের সবাই একসাথে মিলিত হন। দুপুরে আয়োজন করা হয় জমকালো ভুরিভোজের, যেখানে মাছ, মাংস এবং নানা পদের বাঙালি খাবার পরিবেশন করা হয়।