
Indian Super League 2026: সংযুক্ত সময় মিলিয়ে ৭০ মিনিটেরও বেশি ১০ জনে খেলে বেঙ্গালুরু এফসি-র (East Bengal FC vs Bengaluru FC) বিরুদ্ধে ৩-৩ ড্র। বৃহস্পতিবার সন্ধেবেলা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) অসাধারণ লড়াই করল লাল-হলুদ ব্রিগেড। তিনবার পিছিয়ে পড়েও শেষমুহূর্তে গোল করে ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল। ২৪ মিনিটে লাল কার্ড দেখেন মিগুয়েল ফিগুইরা (Miguel Figueira)। ১২ মিনিটে প্রথম গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)। ২১ মিনিটে লাল-হলুদ ব্রিগেডকে সমতায় ফেরান আনোয়ার আলি (Anwar Ali)। ৩৯ মিনিটে বেঙ্গালুরুকে ফের এগিয়ে দেন সুরেশ সিং ওয়াংজাম (Suresh Singh Wangjam)। প্রথমার্ধের শেষে ২-১ এগিয়েছিল বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। ৫৫ মিনিটে গোল করে ফের সমতা ফেরান সল ক্রেসপো (Saúl Crespo)। ৭১ মিনিটে ফের বেঙ্গালুরুকে এগিয়ে দেন রায়ান উইলিয়ামস (Ryan Williams)। সংযুক্ত সময়ের সপ্তম মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে তৃতীয়বার সমতায় ফেরান অ্যান্টন সয়বার্গ (Anton Søjberg)।
আইএসএল-এ বারবার রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ইস্টবেঙ্গল বহুবার রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছে। বৃহস্পতিবার ফের রেফারিং নিয়ে প্রশ্ন উঠে গেল। ইস্টবেঙ্গল সমর্থকদের পাশাপাশি প্রাক্তন ফুটবলাররাও মিগুয়েলকে লাল কার্ড দেখানো নিয়ে রেফারির সমালোচনা করছেন। মিগুয়েল মাথা গরম করেন। কিন্তু অনেকেই বলছেন, ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সরাসরি লাল কার্ড দেখানোর বদলে লাল-হলুদের ব্রাজিলিয়ান তারকাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিতে পারতেন রেফারি। এই ম্যাচে রেফারি হিসেবে ছিলেন অশ্বিন। তাঁর পাশাপাশি সহকারী রেফারিরাও ছিলেন দক্ষিণ ভারতের। বেঙ্গালুরুর ম্যাচে কেন দক্ষিণ ভারতের রেফারি ও সহকারী রেফারিদের দায়িত্ব দেওয়া হল, সেই প্রশ্ন উঠেছে। রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করার পর আট ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিন নম্বরে ইস্টবেঙ্গল। নয় ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বেঙ্গালুরু।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।