
Indian Women's Football Team: অস্ট্রেলিয়ার (Australia) পারথে (Perth) এএফসি উইমেনস এশিয়ান কাপের (AFC Women's Asian Cup) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে গিয়ে জার্সি-বিভ্রাটে ভারতের মহিলা ফুটবল দল। বুধবার নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে ভারত (India vs Vietnam)। সেই ম্যাচের আগে হঠাৎ জানা গেল, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যে জার্সি পাঠিয়েছে, তা সিনিয়র দলের উপযুক্ত নয়। বয়সভিত্তিক দলের জার্সি পাঠানো হয়েছে। সেই জার্সি পরে সঙ্গীতা বাসফোর (Sangita Basfore), সুইটি দেবীদের (Sweety Devi) পক্ষে খেলা সম্ভব নয়। দলের ২৬ জন সদস্যের মধ্যে ৮০ শতাংশ ফুটবলারেরই ফেডারেশনের পাঠানো জার্সি উপযুক্ত হয়নি। এর ফলে স্থানীয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারীদের কাছ থেকে বিকল্প জার্সি কিনতে বলা হয়েছে। এই ঘটনা ভারতীয় ফুটবলের পক্ষে লজ্জাজনক।
এআইএফএফ সূত্রে জানা গিয়েছে, ভারতের মহিলা ফুটবল দল এএফসি উইমেনস এশিয়ান কাপের প্রস্তুতির জন্য আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গেলেও, জার্সি পাঠাতে দেরি হয়। কারণ, অনুমতি না পাওয়ায় দিল্লি (Delhi) থেকে জার্সি পাঠাতে দেরি হয়। ভারতের প্রথম ম্যাচের আগে দু'দিন আগে টিম হোটেলে জার্সি পৌঁছয়। তখন দেখা যায়, দলের বেশিরভাগ খেলোয়াড়ই সেই জার্সি পরতে পারছেন না।
ভারতের মহিলা ফুটবল দলের সদস্যরা একযোগে এআইএফএফ-কে লেখা চিঠিতে বলেছেন, ‘গত কয়েকদিনে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা প্রস্তুতির সময় উপযুক্ত পোশাক না পেয়ে সমস্যায় পড়েছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে অনুপযুক্ত ম্যাচ কিট আসায় দলের মনোবল ধাক্কা খেয়েছে। ম্যাচের ঠিক আগে আমাদের মনসংযোগও ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য পেশাদারিত্ব দরকার। তার অন্যতম হল ম্যাচ খেলা এবং অনুশীলনের জন্য উপযুক্ত জার্সি।’ এআইএফএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের মহিলা ফুটবল দলের কিট স্পনসর না থাকায় সমস্যা হয়েছে। তবে প্রথম ম্যাচের আগেই জার্সির ব্যবস্থা করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।