Asian Games 2026: ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন, এশিয়ান গেমসে ইতিহাস জয় মীনার

Published : Sep 23, 2026, 06:01 PM IST
Jay Meena Asian Games 2026 Soft Tennis

সংক্ষিপ্ত

Asian Games 2026 India: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেছেন, ভারতীয় ক্রীড়াবিদদের আরও ইভেন্টে যোগ দিতে হবে। তাহলে বহুদেশীয় ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে ভারতের পদক জয়ের আশা বাড়বে। চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারতের ফল দেখে খুশি হতে পারেন প্রধানমন্ত্রী। কারণ, প্রথমবার সফট টেনিসে (Soft Tennis) পদক পেল ভারত।

DID YOU KNOW ?
সফট টেনিসে ইতিহাস
ভারতে সফট টেনিস জনপ্রিয় খেলা নয়। দেশের বেশিরভাগ মানুষই এই খেলার কথা জানেন না। কিন্তু সেই সফট টেনিসেই এশিয়ান গেমসে পদক জিতল ভারত।

Asian Games 2026 News: ছোটবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। সফট টেনিস (Soft tennis) খেলার কথা কোনওদিন ভাবেননি। কিন্তু মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দেওয়াসের (Dewas) জয় মীনা (Jay Meena) সেই সফট টেনিসের মাধ্যমেই ইতিহাস গড়লেন। চলতি এশিয়ান গেমসে পুরুষদের সফট টেনিসের সিঙ্গলসে সেমি-ফাইনালে পৌঁছে এই ইভেন্টে এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন জয়। তিনি স্কুলে কোর্টের ধারে দাঁড়িয়ে খেলা দেখতেন। এভাবেই সফট টেনিস নিয়ে কৌতূহল তৈরি হয়। তারপর বল বয় হিসেবে কোর্টে প্রবেশের সুযোগ পান। এরপর সফট টেনিস ভালোবেসে ফেলেন। এই খেলাই তাঁকে ভারতীয় ক্রীড়ার ইতিহাসে বিশেষ জায়গা করে দিল।

পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন জয়ের

বুধবার এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে ফিলিপিন্সের (Philippines) নুগুইট শেরউইনের (Nuguit Sherwin) বিরুদ্ধে শুরুটা মোটেও ভালো হয়নি জয়ের। প্রথম গেমে ০-৪ ব্যবধানে হেরে যান তিনি। তবে দ্বিতীয় গেমে ৪-২ জিতে ম্যাচে ফিরে আসেন। তৃতীয় গেমে ফের ধাক্কা খেলেও হাল ছাড়েননি ভারতীয় খেলোয়াড়। পরপর দু'টি গেম জিতে ৩-২ ব্যবধানে এগিয়ে যান জয়। ম্যাচ শেষ করার সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু নুগুইট ষষ্ঠ গেমে ৪-২ জিতে সমতায় ফেরেন। ফলে কোয়ার্টার-ফাইনাল গড়ায় সাত পয়েন্টের টাইব্রেকারে। সেখানেও শুরুতে চাপে পড়েছিলেন জয়। একসময় ৩-৫ পয়েন্টে পিছিয়ে ছিলেন তিনি। মনে হচ্ছিল, আরও একবার হয়তো শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হবে। কিন্তু ঠিক তখনই দুর্দান্ত প্রত্যাবর্তন করেন ভারতীয় তারকা। টানা চার পয়েন্ট জিতে টাইব্রেকারে ৭-৫ ব্যবধানে জয় পান জয়। এই জয়ের সঙ্গে নিশ্চিত করেন সেমি-ফাইনালের টিকিট এবং সফট টেনিসে ভারতের প্রথম এশিয়ান গেমস পদক। হাংঝাউ এশিয়ান গেমসে সিঙ্গলসের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গিয়েছিলেন জয়। এবার সেই গণ্ডি পেরিয়ে পদক নিশ্চিত করলেন তিনি। চলতি এশিয়ান গেমসে ব্যক্তিগত ও মিক্সড ইভেন্ট মিলিয়ে পদকের লড়াইয়ে পৌঁছনো একমাত্র ভারতীয় সফট টেনিস খেলোয়াড়ও জয়। অন্য ভারতীয় আরিয়ান ঠাকুর গ্রুপ পর্বেই বিদায় নিয়েছেন।

লড়াই করে সাফল্য জয়ের

জয়ের এই সাফল্য হঠাৎ আসেনি। ২০২২ সালের গুজরাট জাতীয় গেমসে পুরুষদের সিঙ্গলসে সোনা জিতেছিলেন তিনি। ২০২৫ সালে হন জাতীয় চ্যাম্পিয়ন। আন্তর্জাতিক মঞ্চেও একের পর এক নজির গড়েছেন জয়। ২০২৪ সালের বিশ্ব সফট টেনিস চ্যাম্পিয়নশিপে আধিয়া তিওয়ারির সঙ্গে মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিতে সফট টেনিস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম পদক এনে দিয়েছিলেন তিনি। পরের বছর এশিয়ান সফট টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে হন সেই প্রতিযোগিতায় পদকজয়ী প্রথম ভারতীয়। ওই আসরে সিঙ্গলস, মিক্সড ডাবলস, পুরুষদের দলগত এবং মিক্সড টিম ইভেন্ট মিলিয়ে মোট চারটি পদক জিতেছিলেন জয়। সফট টেনিসের সঙ্গে তাঁর আন্তর্জাতিক যাত্রাও শুরু হয়েছিল খুব অল্প বয়সে। মাত্র ১৪ বছর বয়সেই এই খেলাটির জন্মভূমি জাপানে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। এ বার নিজের তৃতীয় এশিয়ান গেমসে এসে সেই খেলাই তাঁকে ভারতীয় ক্রীড়ার ইতিহাসে জায়গা করে দিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এশিয়ান গেমসে সফট টেনিসে প্রথম পদক জয় ভারতের।
মধ্যপ্রদেশের জয় মীনার হাত ধরে এশিয়ান গেমসে পুরুষদের সফট টেনিসে প্রথমবার পদক জিতল ভারত।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: চিনের কাছে হার, এশিয়ান গেমসে পুুরুষদের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ ভারতের
Asian Games 2026: দীপিকা সেহরাওয়াতের ৯, এশিয়ান গেমসে মহিলা হকিতে থাইল্যান্ডকে ২০ গোল ভারতের