
Asian Games 2026 Wushu: এশিয়ান গেমসের দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়ে আত্মহত্যার হুমকি দিলেন ১৮ বছর বয়সি উশু খেলোয়াড় দিব্যাংশী। ৬০ কেজি সান্দা বিভাগে তাঁকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুক্রবার প্রায় নয় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন দিব্যাংশী। সেখানে তিনি দাবি করেন, গত কয়েক মাস ধরে তাঁকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। পরিস্থিতির চাপে তিনি আর বেঁচে থাকার কোনও অর্থ খুঁজে পাচ্ছেন না বলেও দাবি এই তরুণীর। দিব্যাংশীর পরিবর্তে এশিয়ান গেমসে ভারতের উশু দলে নেওয়া হয়েছে ২০২২ সালের এশিয়ান গেমসে রুপোজয়ী রোশিবীনা দেবীকে (Roshibina Devi)। অথচ ট্রায়ালে রোশিবীনাকে হারিয়েছিলেন দিব্যাংশী।
দিব্যাংশীর কোচ অশোক গৌতমের (Ashok Gautam) দাবি, গত এক বছরে পাঁচটি ট্রায়ালেই শীর্ষে থেকে ৬০ কেজি বিভাগে নিজেকে ভারতের এক নম্বর খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন দিব্যাংশী। কিন্তু তারপরেও তাঁকে এশিয়ান গেমসের দল থেকে বাদ দেওয়া হল। গৌতমের দাবি, 'গত এক বছরে ও পাঁচটি ট্রায়াল দিয়েছে এবং পাঁচটিতেই এক নম্বরে ছিল। শেষ মুহূর্তে ওর নাম বাদ দেওয়া হয়েছে এবং রোশিবীনা দেবীকে নেওয়া হয়েছে। ট্রায়ালে রোশিবীনা চতুর্থ হয়েছিল। ও সেমিফাইনালে দিব্যাংশীর কাছে হেরেছিল।'
দিব্যাংশীকে বাদ দেওয়ার কারণ হিসেবে চোটের কথা উল্লেখ করেছে উশু ফেডারেশন। ফেডারেশনের দাবি, দিব্যাংশী হাঁটুর চোটের কথা গোপন করেছিলেন এবং এশিয়ান গেমসের আগে ঠিকমতো অনুশীলনও করছিলেন না। পরে মেডিক্যাল পরীক্ষায় তাঁর এসিএল চোট ধরা পড়ে। সেই কারণেই তাঁকে প্রতিযোগিতার জন্য অনুপযুক্ত ঘোষণা করে দল থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও ফেডারেশনের এই ব্যাখ্যা সম্পূর্ণ অস্বীকার করেছেন দিব্যাংশীর কোচ। তাঁর দাবি, জাতীয় শিবিরে চোট পান দিব্যাংশী। এই চোট এমন গুরুতর নয় যে এশিয়ান গেমস থেকেই তাঁকে ছিটকে যেতে হবে। দল নির্বাচনী প্রক্রিয়া নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন গৌতম। তাঁর দাবি, অর্জুন পুরস্কারপ্রাপ্ত রোশিবীনা নিজের প্রভাব খাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।