Asian Games 2026 News: ১৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে ২০-তম এশিয়ান গেমস। এবারের গেমস হতে চলেছে জাপানে (Japan)। ভারতের বিশাল দল অনেক পদক জেতার লক্ষ্যে। অন্য ইভেন্টগুলির পাশাপাশি কুস্তিতেও ভালো ফলের লক্ষ্যে ভারত। কিন্তু এশিয়ান গেমস শুরু হওয়ার আগেই ভারতের একাধিক কুস্তিগীর ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। ফলে পদকের সম্ভাবনা ধাক্কা খেল।

Greco-Roman Wrestler Deepak: এশিয়ান গেমস (Asian Games 2026) শুরু হওয়ার আগে ভারতীয় কুস্তিতে ফের ধাক্কা। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর জাতীয় দল থেকে বাদ পড়লেন গ্রেকো-রোমান কুস্তিগির দীপক। তাঁর নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এবারের এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করতে চলা কুস্তিগীরের সংখ্যা কম গেল। দীপকের আগে ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়েছেন আরও দুই ভারতীয় কুস্তিগীর পুরুষদের ফ্রিস্টাইল ৮৬ কেজি বিভাগে লড়াই করতে চলা মুকুল দাহিয়া এবং গ্রেকো-রোমান ১৩০ কেজি বিভাগে লড়াই করা দীপাংশু। এবার দীপকও এশিয়ান গেমসে যোগ দিতে পারছেন না।

নিষিদ্ধ মাদক সেবন দীপকের!

২৫ বছর বয়সি দিল্লির কুস্তিগীর দীপক সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এশিয়ান গেমসের দলে জায়গা করে নেন। ভারতীয় ডাক বিভাগের কর্মী দীপক তাঁর বিভাগের প্রথম কুস্তিগীর হিসেবে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করেন। ৩১ মে লখনউয়ে অনুষ্ঠিত বাছাইপর্বে সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। এর আগে ফেডারেশন কাপে পদক জিতে বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন এই কুস্তিগীর। জাতীয় ডোপ-বিরোধী সংস্থার (National Anti-Doping Agency) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বাছাইপর্বে দীপকের দেওয়া মূত্রের নমুনায় ক্লোমিফেনের উপস্থিতির অস্বাভাবিক ইঙ্গিত পাওয়া যায়। যা সাধারণত নারী ও পুরুষ উভয়ের বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ। চলতি বছরে বিশ্ব ডোপ-বিরোধী সংস্থার (WADA) নিষিদ্ধ তালিকায় হরমোন ও মেটাবলিক মডুলেটরসের এস ফোর শ্রেণিতে থাকা এই পদার্থ নিষিদ্ধ। নাডা জানিয়েছে, ২৩ জুলাই প্রথমে নমুনাটিকে ‘অ্যাটিপিক্যাল ফাইন্ডিং’ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর তদন্ত এবং ১৭ আগস্ট দীপকের সঙ্গে সাক্ষাৎকারের পর বিষয়টিকে ‘অ্যাডভার্স অ্যানালিটিক্যাল ফাইন্ডিং’ হিসেবে বিবেচনা করে সংস্থাটি।

নির্বাসিত না হয়েও জাতীয় দল থেকে বাদ দীপক!

নাডার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দীপককে এখনও নির্বাসিত করা হয়নি। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞা বা প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে ডোপিং বিধি লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হলে চলতি বছরের ৩১ মে, অর্থাৎ নমুনা সংগ্রহের দিন থেকে তাঁর ফলাফল বাতিল হতে পারে। দ্বিতীয় নমুনাতেও ক্লোমিফেনের উপস্থিতি ধরা পড়লে, অথবা দীপক দ্বিতীয় নমুনা পরীক্ষা না করার সিদ্ধান্ত নিলে ডোপিং সংক্রান্ত বিধি লঙ্ঘন নিশ্চিত হবে। ভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) এক কর্তা জানিয়েছেন, বড় অঙ্কের জরিমানার ঝুঁকি এড়াতেই দীপককে দল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এশিয়ান গেমসে তাঁর নমুনায় ক্লোমিফেন ধরা পড়লে ভারতীয় কুস্তি ফেডারেশনকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে বিশ্ব কুস্তি সংস্থা। এই কারণেই দীপককে এশিয়ান গেমসের দল থেকে বাদ দেওয়া হল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।