
Team India T20 Captaincy: ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স (LA 2028 Olympics), টি-২০ বিশ্বকাপে (ICC Men's T20 World Cup 2028) ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু সেই আশা পূরণ হচ্ছে না। অধিনায়ক হিসেবে তো নয়ই, সাধারণ খেলোয়াড় হিসেবেও এখন ভারতীয় দলে নেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার আকাশ চোপড়ার সঙ্গে কথোপকথনের সময় বাদ পড়া প্রসঙ্গে ভারতের টি-২০ দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘দলে আমার নাম না দেখে আমি হেসেছিলাম। কারণ, গত এক-দুই বছর দলের হয়ে খেলার সময় যখনই এমন পরিস্থিতিতে পড়েছি, চাপ ছিল, কিংবা পরিস্থিতি আমার পক্ষে যাচ্ছিল না, তখনই আমি হেসেছি। নিজেকে শান্ত রেখেছি। অতীতেও এমন অনেক মুহূর্ত এসেছে, যখন ভালো করার সুযোগ পেয়েছি। সেই সুযোগগুলির জন্য আমি কৃতজ্ঞ।’
সূর্যকুমার জানিয়েছেন, ভারতের টি-২০ দলের নেতৃত্ব হারিয়ে বিস্মিত হয়েছিলেন। তাঁর ধারণা ছিল, অন্তত আরও দু'বছর ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। তবে নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এখন দলের সাফল্যকেই অগ্রাধিকার দিচ্ছেন এই ব্যাটার। তাঁর নেতৃত্বে ভারতীয় দল টানা দু'বছর কোনও দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ হারেনি। এই সময়ে ২০২৫ সালের এশিয়া কাপ (Asia Cup 2025) এবং এ বছরের শুরুতে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপও (ICC Men's T20 World Cup 2026) জিতেছে ভারতীয় দল। তারপরেও নেতৃত্ব হারাতে হয় সূর্যকুমারকে।
সূর্যকুমারের নেতৃত্বে ভারতীয় দল সাফল্য পেলেও, এই ব্যাটার ২০২৫ সাল থেকেই ব্যাট হাতে নিষ্প্রভ। ২১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি মাত্র ২১৮ রান করেন। ব্যাটিংয়ের গড় মাত্র ১৩.৬২। এরপরই নেতৃত্বে বদল আনে বিসিসিআই (BCCI)। সূর্যকুমারের বদলে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক করা হয়। ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে দল থেকেও বাদ পড়েন সূর্যকুমার। তারপর থেকেই তিনি দলের বাইরে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।