
Brazil vs Morocco: পয়েন্ট নষ্ট করার মাধ্যমে এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) অভিযান শুরু করল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে পিছিয়ে পড়ে ১-১ ড্র করল সেলেকাও। ২১ মিনিটে অসাধারণ গোল করে এগিয়ে যায় মরক্কো। মাঝমাঠে বল পেয়ে ইসমায়েল সাইবারির (Ismael Saibari) উদ্দেশ্যে রক্ষণচেরা পাস বাড়ান ব্রাহিম দিয়াজ (Brahim Diaz)। সেই সময় ব্রাজিলের কোনও ডিফেন্ডারই নিজেদের জায়গায় ছিলেন না। গ্যাব্রিয়েল মাগালহেসকে (Gabriel Magalhães) টপকে অ্যালিসন বেকারের (Alisson Becker) মাথার উপর দিয়ে জালে বল জড়িয়ে দেন সাইবারি। পিছিয়ে পড়ার পর অবশ্য ব্রাজিলকে সমতা ফেরানোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩২ মিনিটে ব্যক্তিগত দক্ষতায় গোল করেন ভিনিসিয়াস জুনিয়র (Vinícius Júnior)। এই তারকা লেফট উইংয়ে বল পেয়ে রাফিনহার (Raphinha) সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডান পায়ের অনবদ্য শটে জাল কাঁপিয়ে দেন। এরপর এই ম্যাচে আর গোল হয়নি।
মরক্কোর বিরুদ্ধে শুরু থেকেই ছন্নছাড়া দেখাচ্ছিল ব্রাজিলের ফুটবলারদের। মরক্কোর ফুটবলারদের গতির সঙ্গে পাল্লা দিতে পারছিলেন না ব্রাজিলিয়ানরা। যেমন ঝড়ের গতিতে আক্রমণ করছিল, তেমনই সুন্দরভাবে রক্ষণ সামলাচ্ছিল মরক্কো। ব্রাজিলিয়ানরা বিপক্ষের বক্সে ফুটবলার বাড়াতে পারছিলেন না। ফলে কেউ আক্রমণে গেলে একা হয়ে পড়ছিলেন। বিপক্ষের ফুটবলারদের পা থেকে বল কেড়ে নেওয়া বা ড্রিবল করতেও ব্যর্থ হচ্ছিলেন ব্রাজিলিয়ানরা। তাঁরা মরক্কোর বক্সে গিয়ে শট নেওয়া বা সতীর্থদের পাস দেওয়ার ক্ষেত্রেও অনেক দেরি করে ফেলছিলেন। ফলে মরক্কোর রক্ষণ ফের নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য সময় পেয়ে যাচ্ছিল। ভিনিসিয়াসের ব্যক্তিগত দক্ষতায় সমতা ফেরাতে পারলেও, জয় তুলে নিতে পারল না ব্রাজিল।
২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের সেমি-ফাইনাল খেলেছিল মরক্কো। তারা এবারও অনেকদূর যাবে। অনেক উন্নতি করেছে মরক্কো। প্রথম ম্যাচেই তারা নিজেদের দক্ষতার প্রমাণ দিল। ব্রাজিলকে উন্নতি করতে হবে। সাফল্য পেতে গেলে ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভর করার বদলে দলগত ফুটবল খেলতে হবে। যা মরক্কোর বিরুদ্ধে করতে পারেনি ব্রাজিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।